শিক্ষার্থীর নেতৃত্বে কলেজ শিক্ষককে বেধড়ক মারধর!
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম সবার আগে পূরণ করতে না দেওয়ার জের ধরে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী এক কলেজশিক্ষককে বেধড়ক মারধর করেছে। গতকাল সোমবার নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে এই ঘটনা ঘটে।এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আজ মঙ্গলবারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা না নিলে কাল বুধবার থেকে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল দুপুর পৌনে দুইটার দিকে পদার্থবিজ্ঞানের প্রভাষক সোহেল আহমেদ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের সহযোগিতা করছিলেন। এ সময় ছাত্র আশিকুর রহমান বহিরাগত কিছু সন্ত্রাসী নিয়ে ওই কক্ষে প্রবেশ করে। আশিকুর সবার আগে তার ফরম পূরণ করে দিতে শিক্ষককে চাপ দেয়। সোহেল আহমেদ রাজি না হলে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এতে সোহেল আহমেদের নাক ফেটে রক্ত ঝরতে থাকে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীরা চলে গেলে শিক্ষককে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে শহরের একটি বেসরকারি চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষকেরা সব কার্যক্রম বন্ধ রাখেন। সোহেল আহমেদ বলেন, ‘আশিকের ফরম পূরণের সময় ছিল গত রোববার। ওই দিন সে কিছুটা পূরণ করে। গতকাল এসে সবার আগে ফরম পূরণ করতে চায়। আমি পরে করে দেওয়ার কথা বললে তারা আমার ওপর হামলা চালায়। আমি এর ন্যায়বিচার চাই।’এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও আশিকুর রহমানকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক ছাত্র বলে, ‘অভিযুক্তরা ছাত্রলীগের কর্মীদের সঙ্গে চলাফেরা করে। তবে তারা ছাত্রলীগ করে কি না জানি না।’ কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল আহমেদ সন্ত্রাসীদের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন।কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের একজন শিক্ষককে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। আগামীকালের (মঙ্গলবার) মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে শিক্ষকেরা আন্দোলন শুরু করবেন।’নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।