শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার ও প্রক্টরের অব্যাহতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে তাঁর স্ত্রীর সামনে নাজেহাল করার ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং এতে ইন্ধন দেওয়ার অভিযোগে প্রক্টরের অব্যাহতির দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষক সমিতি।
গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ওই সময়সীমা বেঁধে দেওয়া হয়। দাবি মানা না হলে বিরাজমান পরিস্থিতি নিয়ে সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে ছয় দফা দাবিতে শিক্ষক সমিতির ডাকে ১৯ জানুয়ারি থেকে ক্লাস ও ২২ জানুয়ারি থেকে সব চূড়ান্ত পরীক্ষা বন্ধ রয়েছে। গতকালও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হয়নি। এ কারণে এ পর্যন্ত ২৬টি পরীক্ষা বন্ধ হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম অচল হয়ে পড়েছে।
শিক্ষক সমিতির তিনজন নেতা বলেন, সর্বশেষ পরিস্থিতি নিয়ে গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা হয়। এতে শিক্ষক সমিতির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন মো. আবু তাহের সভাপতিত্ব করেন।
গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো শিক্ষক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. নাহিদুল ইসলামকে তাঁর স্ত্রীর সামনে ক্যাম্পাসেই ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের কর্মী বায়েজীদ ইসলাম নাজেহাল করেন। এ ঘটনার চার দিন পার হলেও ওই শিক্ষার্থীকে এখন পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়নি। বরং ওই ঘটনার প্রশ্রয় ও ইন্ধনদাতা ভারপ্রাপ্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দীনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি গঠিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারপ্রাপ্ত প্রক্টরকে অব্যাহতি ও অভিযুক্ত ছাত্রকে সাময়িক বহিষ্কার করা না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অন্যান্য আলোচনাও স্থগিত থাকবে।’ শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের বলেন, যে দাবিগুলো উপাচার্য মেনে নিয়েছেন বলে প্রচার রয়েছে, সেগুলোর বাস্তবায়ন নেই। এ অবস্থায় শিক্ষক সমিতি মনে করছে, দাবিগুলো আগে বাস্তবায়ন করা হোক। তবেই ক্লাস ও পরীক্ষা শুরু হবে।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, শিক্ষক নাজেহালের ঘটনায় গত রোববার কমিটি করা হয়েছে। কমিটিকে শিগগিরই প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।