শিক্ষার্থীরা অনশন ভাঙলেন, দাবি পূরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১২৫ ঘণ্টা অনশনের পর দাবি আদায় ছাড়াই ‘আমরণ অনশন’ ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙান। শিক্ষকেরা তাঁদের বলেন, অনশন ভাঙা মানেই আন্দোলনের পরিসমাপ্তি নয়, এখন থেকে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও এই ‘যৌক্তিক’ আন্দোলনে পাশে থাকবেন।
অনশনের ষষ্ঠ দিনে গতকাল বিকেলে আন্দোলনকারীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষক উপাচার্যের কাছে একটি বিবৃতি দেন। পরে সন্ধ্যায় ওই শিক্ষকদের একটি প্রতিনিধিদল শহীদ মিনারে আসেন। এঁদের মধ্যে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিনা লুৎফা ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মোসাহিদা সুলতানা। বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এ এন রাশেদা অনশন ভাঙানোর সময় উপস্থিত ছিলেন।
সন্ধ্যা পৌনে ছয়টা থেকে আধা ঘণ্টার মতো শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাঁদের কথা শোনেন। তাঁরা শিক্ষার্থীদের বুঝিয়ে বলেন, অনশন করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেহেতু টলানো যাচ্ছে না, তাঁদের আন্দোলনের কৌশল পরিবর্তন করা প্রয়োজন।
শিক্ষার্থীদের পক্ষে সালমান খান বলেন, তাঁরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে ও তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি পেয়ে অনশন ভাঙছেন। তবে এটাই তাঁদের শেষ নয়। তাঁরা আন্দোলনের কৌশল পরিবর্তন করবেন। তিনি বলেন, ‘যখনই আবার রাজপথে আসার প্রয়োজন হবে, তখনই সবাই জড়ো হব।’ তিনি সবাইকে ফেসবুকে নিজস্ব পেজে সক্রিয় থাকতে অনুরোধ করেন।
পরে শিক্ষকেরা অসুস্থ শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙান। ছয় দিনে মোট অসুস্থের সংখ্যা ৩৪ জন। তবে তাঁদের বেশির ভাগই পরিবারে ফিরে গেছেন। গতকাল ১২-১৫ জন অসুস্থ শিক্ষার্থী শহীদ মিনারে ছিলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের একটি চিকিৎসক দল সার্বক্ষণিক তাঁদের তত্ত্বাবধান করেছে। অনশন শেষে গুরুতর অসুস্থ সাত-আটজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে বাসায় দিয়ে আসেন আন্দোলনকারীরা।