শিক্ষার্থীরা অনশন ভাঙেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্প পরিচালককে (পিডি) অবরুদ্ধ করে পাঁচ দফা দাবি মানতে বাধ্য করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত পিডিকে কলেজ মিলনায়তনে অবরুদ্ধ করে রাখা হয়।
বিকেল চারটা পর উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে সমঝোতার পর তালা খুলে দেন শিক্ষার্থীরা। একই সময় শরবত পান করিয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের অনশন ভাঙান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর রশিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিডির বহিষ্কার, স্থায়ী অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগ, ছাত্রাবাসের নির্মাণাধীন কাজের দ্রুত বাস্তবায়ন, ফেব্রিক্স শেডের দ্রুত সংস্করণ এবং প্র্যাকটিক্যাল ক্লাস ও লাইব্রেরি স্বয়ংসম্পন্নকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করেন।
বেলা তিনটার দিকে ক্যাম্পাসে আসেন পিডি সরদার মো. শোয়েব। কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে কলেজ মিলনায়তনে আলোচনায় বসেন তিনি। কিন্তু দাবিদাওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় শিক্ষার্থীরা মিলনায়তনের দরজায় তালা ঝুলিয়ে পিডিকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে ইউএনও হারুন-অর রশিদ এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পেঁৗছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পিডিকে মুক্ত করেন। এরপর শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে ছাত্রাবাস নির্মাণের কাজ সম্পন্ন করার সিদ্ধান্তের কথা জানান পিডি।
অপর দাবিগুলোর বিষয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়নে সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয় শিক্ষার্থীদের। এ ছাড়া কলেজে সুপেয় পানি সরবরাহের জন্য বৈঠক থেকে চৌমুহনী পৌরসভাকে অনুরোধ করা হলে দ্রুত পানির সংযোগ প্রদানের আশ্বাস পাওয়া যায়।
অবরুদ্ধ করে রাখার কথা স্বীকার করেন পিডি সরদার মো. শোয়েব। প্রথম আলোকে তিনি বলেন, অবরুদ্ধ করে রাখার পরই তিনি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। এরপর প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবিদাওয়া মেনে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে।
প্রকল্প পরিচালকের অপসারণসহ পাঁচ দফা দাবিতে ৬ মে থেকে আন্দোলনে নামেন কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে গত রোববার থেকে তাঁরা লাগাতার গণ-অনশন কর্মসূচি শুরু করেন।