শিক্ষার্থীরা আন্দোলনে দুই কর্মকর্তা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজের মূল ফটকের সামনে গতকাল শিক্ষার্থীরা বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো
আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজের মূল ফটকের সামনে গতকাল শিক্ষার্থীরা বিক্ষোভ করেন l ছবি: প্রথম আলো

ঢাকার আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীতিমালা না মেনে ছাত্র ভর্তিসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার রাতে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের খবর পেয়ে গতকাল সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনসহ তাঁদের পেশাগত চূড়ান্ত পরীক্ষার সুযোগ সৃষ্টি এবং কলেজ খোলার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কলেজ সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা মেনে না চলায় কলেজটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা নিয়ে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা গণমাধ্যমে প্রচার হওয়ার পরপরই রোববার সন্ধ্যায় নাইটিঙ্গেল মেডিকেলের তিন শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তাঁরা ক্যাম্পাসের বাসা থেকে কলেজের প্রশাসনিক কর্মকর্তা নূর ইমাম মেহেদি হাসানকে ডেকে এনে অবরুদ্ধ করেন। খবর পেয়ে কলেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ূন জামান চৌধুরী ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাঁকেও অবরুদ্ধ করেন। গতকাল সোমবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময়ও তিনি অবরুদ্ধ ছিলেন।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী বলেন, আগামী ১৮ জুলাই থেকে কলেজের ১১০ জন শিক্ষার্থীর পেশাগত চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হবে। কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও প্রতারণার কারণে স্বাস্থ্যমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তের ফলে তাঁদের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক অভিযোগ করেন, ইন্টার্নি শেষ করেও বিএমডিসির অনুমোদন না থাকায় তাঁরা রেজিস্ট্রেশন পাচ্ছেন না। ফলে কলেজের ২৫ জন ইন্টার্ন চিকিৎসকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজে ৫০টি অনুমোদিত আসন থাকার পরও এ বছর ৮৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। তাঁদের প্রত্যেকের কাছ থেকেই ১২ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া হয়েছে। তাঁরা বলেন, আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ৩৫ জন শিক্ষার্থীর ভাগ্যে কী হবে, তা নিয়ে তাঁরা শঙ্কায় রয়েছেন। শিক্ষার্থীরা বলেন, কলেজের উপাধ্যক্ষ মিনতি ব্যানার্জী নানা অজুহাতে তাঁদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করে থাকেন।
মিনতি ব্যানার্জী অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করেছেন।
যোগাযোগ করলে কলেজের অধ্যক্ষ হোসনে আরা তাহমিন কথা বলতে রাজি হননি। কলেজের এমডি হুমায়ূন জামান চৌধুরী গতকাল বেলা তিনটায় প্রথম আলোকে বলেন, ‘নীতিমালা মেনেই কলেজ পরিচালনা করা হচ্ছে। এরপরও কলেজটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কারণ আমার কাছে বোধগম্য নয়। এ কারণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, যা সমাধানের চেষ্টা চলছে।’ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাঁদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবদুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সন্তোষজনক আলাপ হয়েছে। তাঁদের দাবিদাওয়া ও অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।