মাঠের জায়গায় ভবন করছে ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ
শিক্ষার্থীরা আর মাঠে খেলতে পারবে না

গত সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে গিয়েই থেমে যেতে হয়। কারণ প্রবেশপথেই বালুর স্তূপ। ভেতরে গিয়ে দেখা গেল, বিদ্যালয়ের ভবনের বারান্দায় কয়েকজন ছাত্র দৌড়াদৌড়ি করছে। মাঠে খেলার জায়গা নেই। ছোট এই মাঠটিতে ইট-সুরকি ফেলে চলছে নতুন ভবন নির্মাণের কাজ।
এই মাঠে শিক্ষার্থীরা আর কোনো দিন প্রাণভরে খেলতেও পারবে না। কারণ, বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠটি ভরাট করে শ্রেণীকক্ষ বাড়াতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করছে।
এলাকার একাধিক অভিভাবক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে লিখিত অভিযোগ করে এ কাজ বন্ধ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয় ও এলাকাবাসীর সূত্রমতে, ইস্কাটন লেডিস ক্লাবের বিপরীতে সরকারি খাসজমিতে ১৯৭৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। ২২ শতাংশ জমির ওপর স্থাপিত বিদ্যালয়ে পর্যায়ক্রমে সরকারি অনুমোদনে পাঁচতলা ভবন নির্মাণ করা হয়। পরে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। ইস্কাটন গার্ডেনের মূল সড়কসংলগ্ন এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ শ।
এত দিন বিদ্যমান পাঁচতলা ভবনের সামনে ছোট খেলার মাঠে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি হয়ে আসছিল। সেখানেই শিক্ষার্থীরা খেলাধুলা করত। কিন্তু সামান্য এই খেলার মাঠটি ভরাট করে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বাড়ানোর লক্ষ্যে ভবন নির্মাণের কাজ শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ। একাধিক অভিভাবক অভিযোগ করেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে এই ভবন নির্মাণ করা হচ্ছে। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের মধ্যে এভাবে রাজউকসহ সংশ্লিষ্টদের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ বিদ্যালয় ও আশপাশের জন্য একধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। শিক্ষার্থীরাও বেকায়দায় পড়ছে। কারণ তারা আর এ মাঠে খেলতে পারবে না। এ জন্য এ কাজ বন্ধ রেখে সুষ্ঠু পরিকল্পনার ভিত্তিতে পরিবেশবান্ধব উন্নয়ন করার দাবি জানান তাঁরা।
গত সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র চৌধুরী নির্মাণকাজ তদারকি করছিলেন। পরে ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে তাঁর কক্ষে কথা হয়। তিনি বলেন, নিচতলা থেকে ১৫ ফুট উচ্চতার জায়গা রেখে ওপরে পাঁচটি শ্রেণীকক্ষ নির্মাণ করার জন্য এ কাজ করা হচ্ছে। তাঁর দাবি, এতে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি ও খেলাধুলার জায়গা থাকবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, বর্তমানে দুই পালায় (শিফট) শিক্ষার্থীদের পড়ানো হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় কিছু সমস্যা হচ্ছে। তাই শিক্ষার্থীদের এক পালায় (শিফট) পড়ানোর সুবিধার্থে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে পাঁচটি শ্রেণীকক্ষ নির্মাণের জন্য এই বর্ধিতাংশ তৈরি হচ্ছে। যেহেতু এটি গগনচুম্বী বহুতল ভবন নয়, তাই রাজউক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, এ কাজের জন্য ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হচ্ছে।
বিদ্যালয়-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কয়েক দিন আগে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন। তারাও রাজউককে বিষয়টি অবহিত করেছে।
এ বিষয়ে রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর সরেজমিনে দেখার জন্য পরিদর্শন দল পাঠাই। তাতে দেখা গেছে, প্ল্যান ছাড়াই এটি করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’