শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবে বাড়িতে বসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপবৃত্তির টাকা তুলতে হয়রানি কমবে শিক্ষার্থীদের। বাড়িতে বসেই শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা তুলতে পারবে। এ জন্য শুরু হয়েছে নতুন সিম নিবন্ধন কার্যক্রম। গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটক এই কার্যক্রম শুরু করেছে। বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে নিবন্ধন ফরম।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপপরিচালক এস এম ফারুক প্রথম আলোকে বলেন, ‘উপবৃত্তির টাকা দেওয়া নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল। সেসব অভিযোগ দূর করতে মুঠোফোনে উপবৃত্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের অভিভাবকদের সিম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম শেষ হলে প্রত্যেকের টাকা মুঠোফোনে পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে উপবৃত্তি প্রদানে স্বচ্ছতা আসবে। অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে।’
প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সারা দেশে মুঠোফোনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদানের কার্যক্রম শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বরিশাল বিভাগের ৬ হাজার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন ফরম পাঠানো হয়েছে। বিভাগের প্রাক্-প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২ লাখ ৫৩ হাজার ৯৯৩ শিক্ষার্থী এর আওতায় আসবে। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকদের একটি করে টেলিটকের সিম দেওয়া হবে। যার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতি উপজেলায় চাহিদা অনুযায়ী উপবৃত্তির টাকা সংশ্লিষ্ট ব্যাংকে যাবে। ব্যাংক অভিভাবকদের দেওয়া সিমে প্রতি মাসে প্রাপ্ত উপবৃত্তির টাকা শিওর ক্যাশের মাধ্যমে পাঠিয়ে দেবে। অভিভাবকেরা মুঠোফোনের মাধ্যমে বাড়িতে বসে সেই টাকা পেয়ে যাবেন।
মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটক বরিশাল কার্যালয় সূত্র জানায়, বিনা মূল্যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা একটি করে সিম পাবেন। ওই সিমের মাধ্যমে তাঁরা যেমন উপবৃত্তির টাকা পাবেন, তেমনি তাঁরা কথা বলার সুযোগও পাবেন। প্রতি মাসে ওই সিমগুলোতে ২০ টাকার ফ্রি কথা বলার সুযোগও থাকবে।
ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সিম নিবন্ধনের জন্য ১৫-২০ দিন আগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম পাঠানো হয়েছে। এখন ফরমগুলো সংগ্রহের কাজ চলছে। এরপর অভিভাবকদের একটি করে সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের সিম দেওয়া হবে। ওই সিমের মাধ্যমে উপবৃত্তির টাকা পাঠানো হবে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা ঊর্মি বলেন, হাতে হাতে উপবৃত্তির টাকা না দেওয়ার জন্য নির্দেশনা এসেছে। জুলাই-সেপ্টেম্বর মাসের উপবৃত্তির টাকার চাহিদা দেওয়া হয়েছে। এই টাকা মুঠোফোনে দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মুঠোফোন শিওর ক্যাশের মাধ্যমে টাকা দিতে কাজ শুরু হয়েছে। সরকারি মুঠোফোন টেলিটকের নিবন্ধন করতে দেরি হলেও আপাতত অভিভাবকদের একটি নম্বর চাওয়া হয়েছে। ওই নম্বরে টাকা পাঠানো হবে।
বরিশাল সদর উপজেলার দক্ষিণ করাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক রেহানা বেগম বলেন, ‘উপবৃত্তির টাকা তুলতে দুই থেকে তিনবার বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় বিভিন্ন খাত দেখিয়ে কিছু টাকা কমও দেওয়া হয়। মুঠোফোনে টাকা দেওয়ার জন্য একটি ফরম পূরণ করেছি। শুনেছি এখন থেকে ওই নম্বরে টাকা পাঠানো হবে। মুঠোফোনে টাকা পেলে ভোগান্তি কমবে।’
বাকেরগঞ্জ উপজেলার পাটকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিরিন আক্তার বলেন, ‘প্রতিবার উপবৃত্তির টাকা দিতে আমাদের বাড়তি কাজ করতে হয়। অভিভাবকদের ডেকে এনে তারপর একজন একজন করে টাকা দিতে অনেক সময় ব্যয় হয়। ফলে ওই সময় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। মুঠোফোনের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা হলে বাড়তি সময় নষ্ট হবে না।’