জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০১৪ সালে অনুষ্ঠিত স্নাতকের (সম্মান) বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষার বৃত্তি এখনো পাননি। প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা এখনো বৃত্তি পাচ্ছেন না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চার বছরের স্নাতক (সম্মান) কোর্সে প্রতিবছর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণদের প্রথম ৫০ ভাগ শিক্ষার্থী এই বৃত্তি পান। একেকজন শিক্ষার্থী মাসে ১২৫ টাকা হিসাবে বছরে ১ হাজার ৫০০ টাকা বৃত্তি পান। কিন্তু ২০১৩ সালের পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই বৃত্তি পাননি।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ২০১৪ সালের পরীক্ষার ফল ২০১৫ সালে প্রকাশিত হয়েছে। কিন্তু ২০১৬ সাল পর হয়ে গেলেও ২০১৪ সালের পরীক্ষার ভিত্তিতে কেউ বৃত্তি পাননি।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘তৃতীয় বর্ষের পরীক্ষার ফল অনুযায়ী আমার বৃত্তি পাওয়ার কথা ছিল। এরপর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করে এখন আমি স্নাতকোত্তরের শিক্ষার্থী। কিন্তু এখনো ওই বৃত্তি আমি পাইনি।’
এ বিষয়ে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার এক কর্মকর্তা বলেন, প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে এত দিন পরও শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় দীর্ঘদিন পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা বৃত্তি শাখায় পাঠিয়েছে। এরপর বৃত্তি শাখাও এই তালিকা অনেক দিন কোনো কাজ না করে ফেলে রেখেছিল। তবে এখন কাজ করা হচ্ছে।
উপ-রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-১) আবুল কালাম আজাদ বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক থেকে পাঠানো তালিকায় কিছু ত্রুটি ছিল। সেটি সংশোধনের জন্য আবার ফেরত পাঠানো হয়েছিল। ফলে কিছুটা দেরি হয়ে গেছে। কিন্তু এখন কাজ হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে যাবেন।