শিক্ষার্থীরা কেঁদেকেটে ফিরেছে খালি হাতে
রংপুরের বদরগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ইনকিয়াদ (৭)। এবার সে দ্বিতীয় শ্রেণিতে উঠেছে। গতকাল রোববার সকালে সে বই নিতে বিদ্যালয়ে যায়। কিন্তু বই না পেয়ে সে কান্নাকাটি শুরু করে। পরে খবর পেয়ে ছুটে আসেন তার বাবা এম এ মতিন সরকার। সন্তানকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ইনকিয়াদ বলে, ‘বাবা, আমাকে নতুন বই কিনে দাও। নয়তো আমি বাড়ি যাব না।’
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, উপজেলার ৪৫ হাজার ৫০০ শিক্ষার্থী বিনা মূল্যের ওই নতুন বই হাতে পায়নি। উপজেলায় প্রাথমিক স্তরের ৫২ হাজার ৭০ জন শিক্ষার্থীর বিপরীতে প্রায় সাড়ে ৬ হাজার সেট বই এসেছে। শিশুরা বই নিতে স্কুলে এসে খালি হাতে বাড়ি ফিরেছে।
আফতাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুছ সাবাহ বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২০ জন শিক্ষার্থীর চাহিদাপত্র উপজেলা শিক্ষা কার্যালয়ে দিয়েছেন। কিন্তু বই পেয়েছেন প্রথম শ্রেণির ২ আর দ্বিতীয় শ্রেণির ১০ সেট। বই না পেয়ে তাঁকে অনেক অভিভাবক কথা শুনিয়েছেন।
উপজেলার খাগড়াবন্দ শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ১৯৮ জন। সেখানে বই সরবরাহ করা হয়েছে মাত্র ৩৫ সেট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী শাহ বলেন, শিক্ষার্থীদের অনেকে বই না পেয়ে কান্নাকাটি করে খালি হাতে বাড়িতে ফিরে যায়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বইয়ের কোনো সংকট নেই। দুই-এক দিনের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে।