শিক্ষার্থীরা চাইলে পদত্যাগ করতে রাজি: উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার শিক্ষার্থী চাইলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। নিজের জনপ্রিয়তা যাচাই করতে প্রয়োজনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বাক্স স্থাপন করবেন। সেখানে শিক্ষার্থীরা তাঁর বিপক্ষে রায় দিলে তিনি পদত্যাগ করবেন। কিন্তু গুটিকয়েক শিক্ষকের দাবির পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করবেন না।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গতকাল রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন ‘শিক্ষক সমাজ’ উপাচার্যের পদত্যাগসহ আট দফা দাবিতে আন্দোলন করছে। এ পরিস্থিতিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।উপাচার্য তাঁর বিরুদ্ধে আনা অবৈধভাবে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে বলেন, গুটিকয়েক শিক্ষক তাঁর বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে সহ-উপাচার্য ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে উপাচার্য গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে দাবি করে বলেন, ‘এই সময়ে এক দিনের জন্যও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকেনি। সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রেখেছি, ওয়াজেদ মিঞা বিজ্ঞান গবেষণাগার স্থাপন করেছি। এটাই কি আমার অপরাধ?’ কিছুসংখ্যক শিক্ষক বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চাইছেন মন্তব্য করে তিনি বলেন, তাঁরা শিক্ষা, উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডকে অকারণে বাধাগ্রস্ত করছেন। তিনি আন্দোলনকারী শিক্ষকদের আলোচনার আহ্বান জানান।ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়নি কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শরীফ এনামুল কবির বলেন, ‘বিচার বিভাগীয় তদন্ত কমিটি করার দায়িত্ব সরকারের। আমরা অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার করেছি।’ জুবায়ের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার-সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার উল্লেখ করে বলেন, চাইলেই এত সহজে সবাইকে আটক করা যায় না। তবে পুলিশের সঙ্গে প্রশাসন এ নিয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। অবশ্যই সব অপরাধীকে গ্রেপ্তার করা হবে।এদিকে বেঁধে দেওয়া সময়ে উপাচার্য পদত্যাগ না করায় গতকাল থেকে ‘শিক্ষক সমাজ’ নতুন কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে উপাচার্য ভবনের সামনে নাগেশ্বর-চাঁপাতলায় উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ উদ্বোধন ও একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত এই মঞ্চে অবস্থান, অবরোধ, অনশন, পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করা হবে।‘শিক্ষক সমাজ’-এর আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসেইন ওই মঞ্চ উদ্বোধনকালে বলেন, ‘১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সরকার উপাচার্যকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে। ৪৫ দিনের মধ্যে উপাচার্য নির্বাচন দিয়ে নতুন উপাচার্যের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তিনি তা না করে তিন বছর ধরে অবৈধভাবে আছেন। মেধাবীদের বাদ দিয়ে ১৯২ জন ‘ভোটার শিক্ষক’ নিয়োগ দিয়েছেন। সিন্ডিকেট ও ডিন নির্বাচন সামনে রেখে এসব নিয়োগ দেওয়া হয়েছে।এসব অভিযোগের জবাবে উপাচার্য প্রথম আলোকে বলেন, যোগ্যতার ভিত্তিতে নিয়োগগুলো দেওয়া হয়েছে। এপ্রিল মাসের শেষ দিকে ডিন নির্বাচন দেওয়া হবে। পর্যায়ক্রমে সব নির্বাচন হবে। যত দ্রুত সম্ভব উপাচার্য নির্বাচন দেওয়া হবে। সম্ভব হলে জাকসু নির্বাচনও।