শিক্ষার্থীরা ঝুঁকিতে শিক্ষকেরা আতঙ্কে
ঝুঁকি নিয়ে পাঠ নিচ্ছে শিশুরা, শিক্ষকেরাও আছেন আতঙ্কে। কখন ভেঙে পড়ে বিদ্যালয়ের ফাটল ধরা দেয়াল। আধা পাকা ভবনের খামগুলোর প্লাস্টার খুলে পড়ায় ঝুঁকি আরও বেড়েছে। একটু ঝড়-বাতাস দেখলেই শিক্ষকেরা সরিয়ে নেন শিশুদের। এভাবে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত তিনটি শ্রেণীকক্ষে চলছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি-উজ্জ্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ শিশুর পাঠদান।বিদ্যালয়ে মোট ২২৪ জন শিক্ষার্থী আছে। কিন্তু কক্ষ সংকটের কারণে পরিত্যক্ত এই তিন শ্রেণীকক্ষে বসে পড়াশোনা করে ১২০ শিক্ষার্থী। এভাবে তিন বছর পার হলেও নতুন কোনো ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষকেরা নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। কিন্তু কোনো সাড়া মেলেনি।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ ওই ভবনের নিচে বসে পাঠ নিচ্ছে তৃতীয় শ্রেণীর ৬০ শিশু। সকালে সেখানে বসেছিল দ্বিতীয় শ্রেণীর আরও ৬০ শিশু।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ কর্মকার জানান, ১৯৫৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে সরকারীকরণ করা হয়। বর্তমানে ছয়জন শিক্ষক কর্মরত। কর্তৃপক্ষ ১৯৮৪ সালে আধা পাকা ভবনটি নির্মাণ করে দেয়। সেখানে ঠাসাঠাসি করে চলছিল শিক্ষার্থীদের পাঠদান। ২০০৬ সালে দুই কক্ষের একটি পাকা ভবন নির্মাণ করা হয়। অভিভাবকেরা নিজ উদ্যোগে পাশে আরেকটি কক্ষ করে দিয়েছেন। সব মিলিয়ে মোট ছয়টি কক্ষ আছে বিদ্যালয়টিতে।প্রধান শিক্ষক আরও জানান, পরিত্যক্ত কক্ষ তিনটিতে বর্তমানে প্রথম পালায় দ্বিতীয় শ্রেণী ও দ্বিতীয় পালায় তৃতীয় শ্রেণীর পাঠদান দেওয়া হয়। আর নতুন ভবনের এক কক্ষের প্রথম পালায় প্রথম ও দ্বিতীয় পালায় চতুর্থ শ্রেণীর পাঠদান দেওয়া হয়। অভিভাবকদের করা কক্ষে পঞ্চম শ্রেণীর পাঠদান দেওয়া হয়। একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহার করা হয়।তৃতীয় শ্রেণীর ছাত্র আবু সাঈদ জানায়, তারা সারাক্ষণ ভয়ে ভয়ে এই স্থানে বসে ক্লাস করে। একই শ্রেণীর ছাত্রী মুসলিমা খাতুন জানায়, ঝড়-বাতাস শুরু হলে তাদের ক্লাসরুম ছেড়ে চলে যেতে হয়। অনেক সময় বাড়ি চলে যেতে বাধ্য হয়। মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে দেখবেন। সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।