শিক্ষার্থীরা নতুন বই পেল বছরের প্রথম দিনে
হরতাল ও শীত উপেক্ষা করে বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। গতকাল বৃহস্পতিবার বই বিতরণ উপলক্ষে আয়োজন করা হয় উৎসবের। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকালে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, ভিক্টোরিয়া একাডেিমর প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম প্রমুখ।
আবদুল আজিজ জানান, শেরপুরের পাঁচটি উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ লাখ ৯৩ হাজার ৬০২টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহম্মদ জানান, বৃহস্পতিবার জেলার এক হাজার ৫২০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ লাখ ১৮ হাজার ৫২৯টি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এম সাইফুর রহমান মিলনায়তনে গতকাল বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহিসন আলী। মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক পঞ্চানন বালা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফিরোজ প্রমুখ। এবার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৪৪ লাখ ২৫ হাজার বই বিতরণ করা হয়েছে।
নিকলী (কিশোরগঞ্জ): উপজেলা সদরের নিকলী গোড়াচাঁদ উচ্চবিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিবের সভাপতিত্বে গতকাল বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুব আলম।
উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচটি দাখিল মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮ হাজার ৪৫২ ও পাঁচটি এফতেদিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ হাজার ৭৬০ শিক্ষার্থীকে বিনা মূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে।
বিশ্বনাথ (সিলেট): উপজেলার হািজ মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয়, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করা হয়। গতকাল সকালে উৎসবের উদ্বোধন করেন ইউএনও মুহাম্মদ আসাদুল হক।
উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ বলেন, ১৭৪টি বিদ্যালয়ে তিন লাখ ৭০ হাজার বই বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলায়মান হোসেন জানান, ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি মাদ্রাসায় চার লাখ বই বিতরণ করা হয়েছে।
দাউদকান্দি (কুমিল্লা): উপজেলা প্রশাসনের ৪২ জন কর্মকর্তা গতকাল সকালে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদের হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
ইউএনও মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের চেনাতে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।