শিক্ষার্থীরা পান করছে আর্সেনিকযুক্ত পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা করে নলকূপের পানিতে আর্সেনিক পাওয়ার পরও ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রছাত্রী সেই আর্সেনিকযুক্ত পানি পান করছে। এর মধ্যে ছয়টি স্কুলের নলকূপে শূন্য দশমিক ৫ মাত্রার আর্সেনিক পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই শিশুরা আর্সেনিকযুক্ত পানি পান করছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, গত মার্চ-এপ্রিলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলার ২৩৮টি সরকারি, বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানি পরীক্ষা করে। এর মধ্যে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে শূন্য দশমিক ৫ মাত্রার আর্সেনিক ছাড়াও তিনটি বিদ্যালয়ের নলকূপে শূন্য দশমিক ২৫ ও আটটি বিদ্যালয়ের নলকূপে শূন্য দশমিক ১ মাত্রার আর্সেনিক পাওয়া গেছে। কিন্তু সব বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এখনো সেই আর্সেনিকযুক্ত পানি পান করছে। যে সব বিদ্যালয়ের নলকূপে শূন্য দশমিক ৫ মাত্রার আর্সেনিক পাওয়া গেছে সেগুলো হলো, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরস্বল্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালজান বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত সপ্তাহে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীরা আর্সেনিকযুক্ত পানি পান করছে। এ সময় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া, ফিরোজ, সেলিনা জানায়, তারা প্রতিদিনই বিদ্যালয়ের নলকূপের পানি পান করে। তবে আর্সেনিকযুক্ত এই পানি পান করলে কী হয়, তা তাদের জানা নেই। জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা রানী রায় জানান, তাঁদের স্কুলের নলকূপের পানিতে শূন্য দশমিক ৫ মাত্রার আর্সেনিক আছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিষেধ করার পরও তারা ওই পানি পান করছে। এখন আমরা কী করব?’চরস্বল্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের নিষেধ করা হয়েছে। কিন্তু ছোট ছোট ছেলেমেয়ের তা মনে থাকে না। তারা নলকূপে গিয়ে পানি পান করে। তিনি বলেন, আর্সেনিক ধরা পড়ার পর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নলকূপগুলোতে বিপজ্জনক লাল চিহ্ন দেয়নি। এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের সদ্য বদলি হওয়া সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘যে সব স্কুলের নলকূপের পানিতে শূন্য দশমিক ৫ মাত্রার আর্সেনিক রয়েছে সেই নলকূপের পানি পান করা শিশুদের জন্য খুবই বিপজ্জনক। আমরা বিষয়টি শিক্ষা অফিসকে জানিয়েছি।’ তাঁর দাবি, যে সব নলকূপের পানিতে আর্সেনিক পাওয়া গেছে, সেগুলোতে লাল চিহ্ন দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিহ্ন মুছে গেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম ফজলুল হক বলেন, কোনো কোনো স্কুলের নলকূপের পানিতে আর্সেনিক আছে, তা তিনি জানেন না। এখানে তিনি নতুন এসেছেন। তবে তিনি এ ব্যাপারে খোঁজ খবর নেবেন।