শিক্ষার্থীরা পাবে দুপুরের খাবার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চারদিকে মেঘনা নদী পরিবেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন জনপথ নুনেরটেক গ্রামের একটি বিদ্যালয়ের দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।নুনেরটেক জুনিয়র উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আবদুল্লাহ আল কায়সার। অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির অধীনে বিদ্যালয়ের দরিদ্র ছাত্রছাত্রীদের প্রতিদিন দুপুরে খাবারের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তাদের লেখাপড়ার বিভিন্ন উপকরণ বিতরণ করবে জেলা প্রশাসন। সুবিধাবঞ্চিত কোনো ছাত্রছাত্রী যাতে ঝরে না পড়ে, সে জন্যই এ উদ্যোগ।নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরাজ হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমীন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া প্রমুখ।