শিক্ষার্থীরা পেল উদ্দীপনা পুরস্কার
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, শুধু স্কুলে যাওয়া-আসা করলেই হবে না, ভালো লেখাপড়া করতে হবে। ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলতে হবে। তবেই জাতি উন্নতি করবে। গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলা মিলনায়তনে উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান মাহমুদ আলী শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. সহিদুজ্জামান শাহ্। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাতেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহছিনা খাতুন, শিক্ষক শেবায়েম গোস্বামী, ছাত্রী আয়সা সিদ্দিকা প্রমুখ।সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড একসেস এনহান্সমন্ট প্রজেক্টের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় আয়োজিত এ কর্মসূচিতে খানসামা উপজেলার ৮৩টি বিদ্যালয়ের ৫৪০ জন ছাত্রছাত্রীকে ৫০০ করে টাকা ও সনদপত্র দেওয়া হয়। প্রতিটি বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর প্রতি ক্লাসের মেধায় প্রথম একজন ছাত্রী ও একজন ছাত্রকে নির্বাচিত করা হয়।