শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে না, পরীক্ষায়ও অংশ নেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২ নম্বর বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের সবাই আদিবাসী। গত ১০ জুন বাবুছড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে বিজিবি ও আদিবাসীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পর থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে না। কোনো শিক্ষার্থী দ্বিতীয় সাময়িক পরীক্ষায়ও অংশ নেয়নি।
আদিবাসীদের অভিযোগ, কাঁটাতারের বেড়া দিয়ে বিজিবি বিদ্যালয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে বিজিবি এ অভিযোগ অস্বীকার করেছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা গত ২১ আগস্ট বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
তদন্ত প্রতিবেদনে সুস্মিতা ত্রিপুরা উল্লেখ করেন, বিদ্যালয়ে গিয়ে তিনি তিনজন শিক্ষককে উপস্থিত পেয়েছেন। কিন্তু কোনো শিক্ষার্থীকে উপস্থিত দেখেননি। ১২ আগস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় সাময়িক পরীক্ষায়ও কোনো শিক্ষার্থী অংশ নেয়নি। ১৬ আগস্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের একটি সভা ডাকা হয়। ওই সভায়ও কেউ আসেননি। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওই বিদ্যালয়ের চার পাশই কাঁটাতার দিয়ে ঘেরা। বিদ্যালয়ে যাওয়ার জন্য পূর্ব ও পশ্চিম পাশে দুটি পথ রয়েছে। কিন্তু বিজিবির চেকপোস্টে পরিচয় ও জবাবদিহির কারণে বিদ্যালয়ে চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিবি দক্ষিণ দিকে আরেকটি প্রবেশপথ করে দিয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে তেমন সমস্যা হবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অচিন্ত্য বিকাশ চাকমা বলেন, বিজিবির পক্ষ থেকে আরও একটি প্রবেশপথ করে দেওয়া হলেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে না।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়টির চারদিকে বিজিবি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। এ কারণে তাঁদের ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারছে না। বাচ্চারা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। তাঁরা বিজিবির অধিগ্রহণ করা জায়গা থেকে বিদ্যালয়টি পুনরুদ্ধার করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় এবং ভয়ে তারা বিদ্যালয়ে যায়নি। তারা পরীক্ষাও দিতেও যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদ্যালয়ে যাওয়া-আসা করার জন্য আগে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে তিনটি প্রবেশ পথ ছিল। এখন
নতুন করে উত্তর দিকেও আরেকটি প্রবেশপথ করে দেওয়া হচ্ছে। আশা করছি, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে। প্রশাসনের পক্ষ থেকেও সবার সঙ্গে আলোচনা করা হচ্ছে।’