শিক্ষার্থীরা শুনল মুক্তিযুদ্ধের বীরত্ব কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা শোনানোর আয়োজন করা হয়। ‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’ শিরোনামে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের কথা শোনান বীর প্রতীক এ কে এম জয়নুল আবেদীন খান।
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসর ‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’ শিরোনামে সারা দেশে বছরব্যাপী স্কুলভিত্তিক কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে গতকালের এ আয়োজন।
অনুষ্ঠানে জয়নুল আবেদীন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। ১৯৭১ সালের শেষ ভাগে একটি রাতের অভিযানের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের পুবাইল-আড়িখোলা রেলস্টেশনের মাঝামাঝি এক স্থান। সেখানে আছে ছোট একটি রেলসেতু। রেলপথের দুই পাশের বেশির ভাগ স্থান জলমগ্ন। সেতুর দক্ষিণে একটি বটগাছ ও বিরাট পাটখেত। বিস্ফোরকের প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধারা রেল স্লিপারের নিচের পাথর সরিয়ে বসালেন মাইন। সেটির সঙ্গে তার লাগিয়ে তা টেনে নিলেন কাছাকাছি নিরাপদ স্থান পর্যন্ত। আনুমানিক সকাল ছয়টা দৃষ্টিগোচর হলো রেলগাড়ি। ইঞ্জিনের সামনে বালুভর্তি ওয়াগন। বালুভর্তি ওয়াগন চিহ্নিত স্থান অতিক্রম করামাত্র বিস্ফোরক দল মাইনের বিস্ফোরণ ঘটাল। ধ্বংসস্তূপে পরিণত হলো ইঞ্জিন ও দুটি বগি। বগিতে ছিল পাকিস্তানি সেনা। তারা বেশির ভাগই হতাহত হলো।
স্কুলের প্রধান শিক্ষক সেতার বেগম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিগুলো মনে পড়ে। তখন এমন অনেক দিন গেছে ঠিকমতো খেতে পারিনি। এখন এই মুক্তিযোদ্ধারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। একদিন তাঁদের আর পাব না। তাই তাঁদের কথাগুলো এখনই শুনতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদসহ সংগঠনের সদস্য ও স্কুলের শিক্ষকেরা।
‘শুনি মুক্তিযুদ্ধের বীরত্ব কথা’র পর শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এই পর্বের পর আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের ওপর কুইজের। কুইজে বিজয়ীদের মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন’ ৭১ ও মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক বই পুরস্কার হিসেবে দেওয়া হয়।