শিক্ষার্থীরা সপ্তম দিনের মতো রাস্তায় নেমে এল
নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবারও ঢাকার বিভিন্ন রাস্তায় জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা। আজ সপ্তম দিনের মতো রাস্তায় নেমেছে তারা। বিআরটিসির বাস ছাড়া রাস্তায় অন্য কোনো বাস চলতে দেখা যাচ্ছে না। অন্যান্য যানবাহন চলাচলও কম রয়েছে। কোনো কোনো রাস্তায় অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আজও জরুরি লেন করতে দেখা যায়। সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে আলাদা লেনে চলতে দেখা যায়।

আজ সকাল ১০টা ৪০ মিনিটে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে জড়ো হয়। শুরুতে সেখানে ২০ জনের মতো শিক্ষার্থীকে জড়ো হতে দেখা যায়। পরে শান্তিনগর মোড়ে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেয়। গত কয়েক দিনের মতো তারা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে ও সুশৃঙ্খলভাবে যান চলাচলের ব্যবস্থা করছে।

সরকার দাবি মেনে নেওয়ার পরও কেন রাস্তায়—সেখানে কয়েক শিক্ষার্থীদের কাছে এই প্রশ্ন করা হলে তারা বলে, তারা দাবিগুলোর বাস্তবায়ন দেখতে চায়। বাস্তবায়ন হলেই তারা রাস্তা ছাড়বে। দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়লেও এই এলাকার বাসিন্দা—এমন অনেক শিক্ষার্থীকেও মোড়ে অবস্থান নিতে দেখা যায়।

মৌচাকে রাজারবাগ পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এদের বেশির ভাগই পুলিশ সদস্যদের সন্তান। এই প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীকে প্ল্যাকার্ড হাতে অন্য শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে জানায়, পাড়ার অন্য শিক্ষার্থীদের দেখে সেও এসেছে।

শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় মগবাজার ওয়্যারলেসের সামনের দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। মহাখালীতে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে দেখা যায়।

রামপুরা ব্রিজের কাছে শিক্ষার্থীরা অবস্থান নিলে রাস্তার এক পাশ বন্ধ হয়ে যায়। অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করছে।
বেলা পৌনে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জিগাতলা মোড়ে এসে জড়ো হয়। মালিবাগে আবুল হোটেলের সামনে অবস্থান নেয় একদল শিক্ষার্থী।

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আজও শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নিয়েছে। সকাল ১০টার পর তারা গোলচত্বরে হারুন মোল্লা ট্রাফিক কন্ট্রোল বক্সের সামনে অবস্থান নেয়। সড়কের চারপাশে শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গাড়ির কাগজপত্র ও গাড়ির লাইসেন্স যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে হাজার হাজার শিক্ষার্থী সেখানে জড়ো হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর ১৩ নম্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের কাছাকাছি শত শত শিক্ষার্থী কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। চালকের লাইসেন্স পরীক্ষাসহ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে দেখা যায় তাদের।সায়েন্স ল্যাব মোড়ে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়েছে। তারা সেখানে অ্যাম্বুলেন্সসহ জরুরি প্রয়োজনের গাড়িগুলোকে শুধু যেতে দিচ্ছে। মোড় থেকে বিভিন্ন রোডে যাওয়ার মুখগুলোয় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা।
গণভবনের উল্টো পাশের রাস্তায় শিক্ষার্থীরা জড়ো হয়েছে।

ঢাকার রাস্তায় বাস নেই। রাজধানীর কোনো আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস ছাড়া হচ্ছে না। বাসমালিক ও পরিবহনশ্রমিকেরা বলছেন, নিরাপত্তার কথা ভেবে তাঁরা বাস বের করছেন না। সর্বশেষ গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত কিছু গাড়ি চলাচল করতে দেখা যায়। এরপর থেকে বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছেন পরিবহন খাতের মালিক ও শ্রমিকেরা।
জুরাইন মোড়ে সব বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকেরা। ঢাকার বিভিন্ন সড়কে বিআরটিসি ছাড়া কোনো বাস চলতে দেখা যায়নি। তবে কোনো কোনো সড়কে কোনো যানবাহন চলতেই দেখা যায়নি।

বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের পাশাপাশি যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় পুলিশকে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয়।