শিক্ষার্থীরা হল ছেড়েছেন ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) গত রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর শিক্ষার্থীরা সোমবার আবাসিক হল ছেড়েছেন। ওই রাতেই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিনহাজ মাহমুদ ও সাধারণ সম্পাদক এ কে এম আহসান উল্লাহকে।বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ জানান, পয়লা বৈশাখ পালনের জন্য প্রতিটি আবাসিক হলের প্রতিনিধি নিয়ে উৎসব উদ্যাপন ও সাংস্কৃতিক কমিটি গঠন করা হয়। কিন্তু ছাত্রলীগের একটি পক্ষ এই কমিটি প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ছাত্রকল্যাণ-বিষয়ক পরিচালক শিবেন্দ্র শেখর উদ্যাপন কমিটি বাদ দিয়ে ছাত্রলীগের নেতাদের নিয়ে উৎসব উদ্যাপনের প্রস্তুতি নিতে থাকেন। এর প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের আবাসনসুবিধার দাবিতে কিছু ছাত্র গত শুক্রবার ছাত্রকল্যাণ-বিষয়ক পরিচালকের কার্যালয়ে যায়। সেখানে পরিচালক-সমর্থিত কতিপয় ছাত্রের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত রোববার বিকেল পাঁচটার দিকে পরিচালক-সমর্থিত ছাত্ররা খানজাহান আলী হলের সামনে কয়েকজন ছাত্রকে মারধর করেন। তবে ছাত্রকল্যাণ-বিষয়ক পরিচালক শিবেন্দ্র শেখর এসব অভিযোগ অস্বীকার করেন। শিক্ষক সমিতির সভাপতি গোলাম কাদের জানান, রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে আবারও মারধরের ঘটনা ঘটলে শিক্ষকেরা জরুরি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে রাতে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন ছাত্র আহত হন। রেজিস্ট্রার আ. রউফ জানান, শিক্ষকদের জরুরি বৈঠকের সময় আবাসিক হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কিন্তু উপাচার্য এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনের কথা বললে ছাত্র পরিষদের পরিচালক, প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ কুয়েট শাখার সভাপতি মিনহাজ ও সাধারণ সম্পাদক এ কে এম আহসান উল্লাহকে সাময়িক বহিষ্কার ও অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সোমবার সকাল সাতটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। উপাচার্য নওশের আলী বলেন, অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সিন্ডিকেটের সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।