শিক্ষার্থীরাই ধরল উত্ত্যক্তকারীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় স্কুলের শিক্ষার্থীরা রিপন রায় (২২) নামে এক উত্ত্যক্তকারীকে ধরিয়ে দিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। গতকাল মঙ্গলবার বদরগঞ্জ পৌরসভার কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে ওই ঘটনা ঘটে।
ওই উচ্চবিদ্যালয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের থানাপাড়া গ্রামের রিপন রায় গতকাল সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। এ সময় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী ওই ফটক দিয়ে বিদ্যালয়ে ঢোকার পথে রিপন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন। এতে সাড়া না পেয়ে ছাত্রীর সামনেই রিপন ব্লেড দিয়ে নিজের হাত কেটে রক্তাক্ত জখম করেন। এ সময় ছাত্রীর আর্তচিৎকারে স্কুলের অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে রিপনকে জাপটে ধরে প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়। খবর পেয়ে থানা-পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে যান। পরে ওই বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রিপনকে বিচারক আবুল কালাম আজাদ ওই শাস্তি দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। কারণ তারা সাহস করে না ধরলে উত্ত্যক্তকারী রিপনকে আটক করা সম্ভব হতো না।’