শিক্ষার্থীরাই 'শিক্ষক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকট চলছে। এ কারণে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে চতুর্থ ও তৃতীয় শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে।

বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮৮৯ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন তিনজন। শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে দুটি করে শাখা আছে। শিক্ষকসংকটের কারণে বিদ্যালয়ের পাঠদানসহসার্বিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টিতে শিক্ষকের পদ ১২টি।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পঞ্চম শ্রেণির ছাত্রী দিল নেওয়াজ ও দ্বিপশিখা চতুর্থ শ্রেণির ‘ক’ ও ‘খ’ শাখায় পাঠদান করাচ্ছে। তারা জানায়, স্কুলে শিক্ষকসংকট থাকায় শিক্ষকদের অনুরোধে তারা পাঠদান করছে। প্রায় আট মাস ধরে তারা পাঠদানে সহযোগিতা করে আসছে।

শিক্ষক সাজেদা বেগম বলেন, তিনজন শিক্ষকের পক্ষে সব ক্লাস নেওয়া সম্ভব নয়। তাই দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাঠদানে শিক্ষার্থীদের সহায়তা নেওয়া হচ্ছে। তিনি জানান, ১৬ আগস্ট থেকে সহকারী শিক্ষক মো. শাকের ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন। এ কারণে পাঠদানে আরও সমস্যা হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে চতুর্থ ও তৃতীয় শ্রেণির ক্লাস নেওয়া হয়।

প্রধান শিক্ষক আনিস উল্লাহ জানান, শিক্ষকসংকটের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী কমে যাচ্ছে। গত বছর শিক্ষার্থী ছিল ৯৬৮ জন। এ বছর কমে দাঁড়িয়েছে ৮৮৯ জনে। তিনি বলেন, শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হক বলেন, ‘শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য কয়েক মাস ধরে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, পুরো উপজেলায় শিক্ষকসংকটের বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগ করা না হলে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন কবির বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ওই বিদ্যালয়ে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে।