জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকেরা গতকাল সোমবার শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে ৮ অক্টোবর তাঁরা শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, গতকাল বিকেলে শিক্ষাসচিবের সচিবালয়ের কার্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল বৈঠক করে।
শিক্ষাসচিব বলেন, ‘আমরা শিক্ষকদের বলেছি, তদন্ত প্রতিবেদনের আলোকে কাজ চলছে। এ জন্য তাঁদের দাবির বিষয়ে সিদ্ধান্ত দিতে কয়েক দিন সময় লাগবে। শিক্ষকদের বলেছি, শিক্ষার্থীদের স্বার্থে তাঁরা যেন কর্মসূচি প্রত্যাহার করেন। এ বিষয়ে শিক্ষকেরা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তাঁরা দু-এক দিনের মধ্যে বিষয়টি পর্যালোচনা করে জানাবেন।’
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে জানান, ফোরাম আজ মঙ্গলবার বৈঠক করে সিদ্ধান্ত জানাবে। শিক্ষক সমিতি বুধবার সিদ্ধান্ত জানাবে। তবে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ ধর্মঘটের পরিবর্তে কর্মবিরতি পালন করা হবে।