শিক্ষাসফর, পাঠ্যসূচির দাবিতে শিক্ষার্থীদের অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদাবাদের বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকালে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাংলাদেশ ব্যাংকের চারটি বাস আটকা পড়ে l ছবি: শরিফুল হাসান
ফরিদাবাদের বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকালে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাংলাদেশ ব্যাংকের চারটি বাস আটকা পড়ে l ছবি: শরিফুল হাসান

পুরান ঢাকার ফরিদাবাদে বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়ে যথাসময়ে শিক্ষাসফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঠ্যসূচি না দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ ব্যাংক কলোনির প্রধান সড়কে তারা এই বিক্ষোভ করে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিন দফা দাবিতে বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বাংলাদেশ ব্যাংক কলোনির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে নয়টার দিকে এই কলোনির প্রধান সড়ক অবরোধ করে তারা। এ সময় তারা দ্রুত শিক্ষাসফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঠ্যসূচির দাবিতে স্লোগান দেয়। তাদের এই অবরোধে বাংলাদেশ ব্যাংকের চারটি বিআরটিসি বাস আটকা পড়ে। এই বাসগুলোতে অফিসগামী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ছিলেন। পরে সাড়ে নয়টার দিকে বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষাবিষয়ক উপকমিটির সভাপতি কেরামত আলী শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবছরের শুরুতে বিদ্যালয়ে শিক্ষাসফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু এবার প্রায় তিন মাস চলে গেলেও কোনো উদ্যোগ নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া বিদ্যালয়ে প্রায় তিন মাস ধরে ক্লাস হচ্ছে। অথচ তাদের পাঠ্যসূচি দেওয়া হয়নি। কবে নাগাদ তা দেওয়া হবে, তাও জানে না তারা।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রথম আলোর কাছে দাবি করেন, কিছু কারণে যথাসময়ে শিক্ষাসফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। তবে শিগগিরই শিক্ষার্থীদের হাতে পাঠ্যসূচি দেওয়া হবে।