শিক্ষাসফর শেষে ফেরার পথে বাস খাদে, আহত ২০
ময়মনসিংহের ফুলপুরে মহাসড়কের পাশে বাস খাদে পড়ে শুক্রবার রাতে শেরপুরের ঝিনাইগাতী পাইলট উচ্চবিদ্যালয়ের ২০ শিক্ষার্থী আহত হয়েছে। তারা নারায়ণগঞ্জের সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে শিক্ষাসফর শেষে ফিরছিল।
অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শিক্ষাসফরে যাওয়ার ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে উপজেলা প্রশাসন অনুমতি দেয়নি।
আহত শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির সাইফুল ইসলামকে (১৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান বলেন, ‘বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী-শিক্ষক দুটি বাসে করে শুক্রবার সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে শিক্ষাসফরে যান। সোনারগাঁ থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ফুলপুর শহরের প্রায় দুই মাইল দক্ষিণে চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ২০ শিক্ষার্থী আহত হয়। সংবাদ পেয়ে আমরা দ্রুত সেখানে যাই।’
বিদ্যালয়টির শরীরচর্চা শিক্ষক মো. হারুন-অর-রশীদ গতকাল শনিবার বলেন, তিনি পেছনের বাসে বসা ছিলেন। হঠাৎ সামনের বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। তাঁদের বাসটি থামিয়ে দ্রুত দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে আহত শিক্ষার্থীদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ বলেন, গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষাসফরে যাওয়ার ব্যাপারে অনুমতির জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর আবেদন করেন। তবে অনুমতি পাননি।
ইউএনও এ জেড এম শরীফ হোসেন বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে আবেদন করে। এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। ফলে তাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।