শিক্ষাসফরের বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে ঢাকার ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষাসফরের পিকনিক বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ছাড়া ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের ১৪ জন ছাত্রী-শিক্ষক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে। নিহত পিকআপ ভ্যানের চালকের নাম নুরুল আবছার (২৫)। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মধু মার্কেট এলাকার মৃত নুর আহমদের ছেলে।
আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে নাসরিন, জুঁই, কুইন ও সানজিদা জাহানকে জরুরি চিকিৎসা ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের শিক্ষক আবুল বাশার বলেন, ‘গত শনিবার রাতে চার দিনের শিক্ষাসফরের উদ্দেশে আমরা ঢাকা থেকে বাসযোগে বান্দরবানের দিকে যাওয়ার পথে জাফর আহমদ চৌধুরী কলেজের সামনে আমাদের বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আমাদের কয়েকজন ছাত্রী সামান্য আহত হয়েছে।’ বেসরকারি আশ শেফা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাহিয়া আহমেদ বলেন, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকের অবস্থা গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।