শিক্ষাসফরের বাস খালে, সাত শিশু নিহত

যশোরের চৌগাছা উপজেলার ঝাউতলা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত সাতটি শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন শিক্ষক-শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকালে মেহেরপুরের মুজিবনগরে শিক্ষাসফরে যায়। বাড়িতে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে সড়কের পাশের খালের পানিতে গিয়ে পড়ে। এতে পানিতে ডুবে ঘটনাস্থলেই সাত শিক্ষার্থী মারা যায়। আহত অবস্থায় বাসের ৩০ জনকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। রাতে উন্নত চিকিত্সার জন্য অন্তত ছয়জনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে সাত শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বাসের অন্তত ৩০ জন আহত হয়েছে। বাস পানিতে পড়ার কারণে মৃতের সংখ্যা বেড়েছে বলেও তিনি জানান।
যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সব ব্যবস্থাপনা দেখভাল করছি। মুমূর্ষু অবস্থায় ছয় শিশুকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিত্সা চলছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাসফরের বহরে তিনটি বাস ছিল। এর মধ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।