শিক্ষায় অনিয়ম খুঁজতে ডিসিদের দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল পর্যায়ে শিক্ষায় অনিয়ম ও দুর্নীতি খুঁজতে এবার জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে ৬৪ জেলা প্রশাসকের কাছে ওই চিঠি পাঠানো হয়। দুদক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেয়। বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণদেরও পরের শ্রেণিতে ভর্তির সুযোগ দেয়। এ ধরনের কাজ করার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি আদায় করে। দুদক মনে করছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এ ধরনের প্রবণতা দুর্নীতির প্রসার ঘটাচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দায়িত্ব নেওয়ার পরপরই গণমাধ্যমকে বলেছিলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই এ ধরনের প্রবণতা চলতে দেবে না দুদক। তারই ধারাবাহিকতায় এ চিঠি দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে।

ডিসিদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় কোনো প্রতিষ্ঠানে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া এবং বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণদেরও পরের শ্রেণিতে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে কি না, তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে।