কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফখরুল আলমের শিক্ষাগত যোগ্যতা বিএ-এলএলবি। আর বিএনপি প্রার্থী মো. শাহীন করেছেন এসএসসি পাস। শিক্ষায় আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে পিছিয়ে থাকলেও সম্পদ ও মামলার দিক দিয়ে এগিয়ে আছেন শাহীন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
শাহীন বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি। আর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফখরুল আলম মেয়র ছিলেন আগের দুই দফায়। গত নির্বাচনে দুজনই নিজ দলের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সামান্য ভোটে জয়-পরাজয় নির্ধারিত হয়। এবার তাঁরা লড়ছেন দলীয় প্রার্থী হিসেবে।
বিএনপির প্রার্থী শাহীন হলফনামায় নিজেকে ব্যবসায়ী উল্লেখ করেছেন। সিলেটের শেখঘাট এলাকায় মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি ধান-চালের পাইকারি আড়ত রয়েছে তাঁর। এ ছাড়া সিলেটের কদমতলীতে আছে মেসার্স মেঘনা ফুডগ্রেইন ইন্ডাস্ট্রিজ। এটির তিনি ব্যবস্থাপনা অংশীদার। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ১০ লাখ ২৪ হাজার ৬২৫ টাকা। বাড়িভাড়া থেকে পান ২ লাখ ২৫ হাজার টাকা। মেয়র হিসেবে সম্মানী পান ২ লাখ ৪০ হাজার টাকা। এর বাইরেও নির্ভরশীলদের মধ্যে বাবা, স্ত্রী, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর আয় আছে ২০ লাখ ১৪ হাজার ৬২৫ টাকা।
ফখরুল আলমের পেশা আইন ব্যবসা। পেশা থেকে তিনি বছরে আয় করেন ৯৫ হাজার টাকা। আর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা হিসেবে পান ৯৬ হাজার টাকা। এ দিয়েই তিনি ব্যয় নির্বাহ করেন। তাঁর নগদ অর্থ আছে ১ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৫০ হাজার টাকা। টিভি ও ফ্যান ছাড়া আর কোনো ধরনের ইলেকট্রনিকস সামগ্রী নেই। আসবাবের মধ্যে আছে খাট, সোফা, বুকশেলফ ও আলমারি।
অপরদিকে বিএনপি প্রার্থী মো. শাহীনের ব্যাংকে আছে ১৪ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ৩ লাখ ১৬ হাজার ৩০১ টাকা। এ ছাড়া ৪৫ লাখ টাকা মূল্যের দুটি ট্রাক, ১৫ লাখ টাকা মূল্যের একটি পিকআপ ও ১৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি কারের মালিক শাহীন। এ ছাড়া ৪৫ হাজার টাকার স্বর্ণালংকার, ২০ হাজার টাকার ইলেকট্রনিকস ও ১০ হাজার মূল্যের আসবাব রয়েছে তাঁর। ওই খাতে নির্ভরশীলদের সম্পদের পরিমাণ ৩২ লাখ ৫০ হাজার।
ফখরুল আলমের স্থাবর সম্পদের পরিমাণ ৬ শতাংশ। নিজের কোনো বাড়ি নেই। বাস করেন নির্ভরশীলদের একটি একতলা ভবনে। দায়দেনা নেই। মামলাও নেই।
অপরদিকে ৩৭ লাখ ৭২ হাজার ৫০ টাকা মূল্যের অকৃষি সম্পদ আছে শাহীনের। ৪২ লাখ টাকা মূল্যের তিনতলা একটি আবাসিক কাম বাণিজ্যিক ভবন আছে। তবে একটি বাণিজ্যিক ব্যাংকের কাছে সাড়ে সাত কোটি টাকা দেনা আছে তাঁর। শাহীনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা রয়েছে। মামলাটি অভিযোগপত্র গ্রহণের জন্য অপেক্ষমাণ।
মামলার বিষয়ে জানতে চাইলে শাহীন প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতাসীন দল মিথ্যা মামলা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরও আরও একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।’ আর সম্পদের বিষয়ে বলেন, মেধা, সততা আর শ্রম দিয়ে তিনি এসব সম্পত্তির মালিক হয়েছেন।
ফখরুল আলম বলেন, ‘ছাত্র অবস্থায় রাজনীতি শুরু করার পর থেকে এখন পর্যন্ত জনসেবায় আছি। এ জন্য বৈষয়িক সাফল্য পাইনি।’
অপর দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সোহেল আহমেদ এইচএসসি ও আবদুল লতিফ এসএসসি পাস। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই।