শিক্ষায় এগিয়ে আ.লীগ, সম্পদে বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গোলাম কবির শিক্ষায় এগিয়ে আর সম্পদে এগিয়ে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা দুই মেয়র প্রার্থীর হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষাগত যোগ্যতা ও পেশা: মো. গোলাম কবির বিএ পাস। তিনি পেশায় রড, সিমেন্ট, টিন ও নির্মাণসামগ্রী ব্যবসায়ী। শফিকুল ইসলাম এসএসসি পাস। তাঁর কাঠের ব্যবসা রয়েছে।
বার্ষিক আয়: গোলাম কবিরের বার্ষিক আয় ২ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ৭ হাজার, বাড়ি ও দোকান ভাড়া ২৪ হাজার এবং ব্যবসা থেকে আয় ২ লাখ ৩৯ হাজার টাকা।
শফিকুল ইসলামের বার্ষিক আয় ৩ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাতে ১০ হাজার, ব্যবসা থেকে ৭৫ হাজার ও মেয়র হিসেবে সম্মানীর ২ লাখ ৪০ হাজার টাকা।
সম্পদ: গোলাম কবিরের নগদ ১১ লাখ ৯৪৯ টাকা, ব্যাংকে ১০ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। তাঁর কৃষিজমি রয়েছে শূন্য দশমিক ৬৫৫ একর।
এ ছাড়া নিজের নামে শূন্য দশমিক ১০ একর ও স্ত্রীর নামে শূন্য দশমিক ৩ একর অকৃষিজমি রয়েছে। তাঁর একটি আধা পাকা বাড়ি রয়েছে।
শফিকুল ইসলামের নগদ ৮ হাজার টাকা রয়েছে। তাঁর ২ দশমিক ১৫ একর কৃষিজমি, ১ দশমিক ৩০ একর অকৃষিজমি ও ১৫ ভরি স্বর্ণালংকার রয়েছে। স্ত্রীর রয়েছে শূন্য দশমিক ৪ একর জমি।
তাঁর একটি দোতলা পাকা বাড়ি, দুটি কাঠের ঘর ও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে একটি কাঠের দোকান রয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংকের স্বরূপকাঠি শাখায় তাঁর ১০ লাখ টাকার ঋণ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোলাম কবির বলেন, ‘আমি গরিব মানুষ। হলফনামায় উল্লেখ করার বাইরে আমার কোনো সম্পদ নেই। তবে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী অনেক সম্পদশালী হলেও তিনি সম্পদের অনেক তথ্য গোপন করেছেন।’
শফিকুল ইসলাম বলেন, ‘আমার যে সম্পদ রয়েছে, তাই হলফনামায় উল্লেখ করেছি। আমার বাবার অনেক সম্পদ থাকায় অনেকের ধারণা, আমি সম্পদশালী। বাবা তাঁর সম্পদের একটা বড় অংশ আমার বোনদের লিখে দিয়ে গেছেন।’