শিক্ষায় এগিয়ে আ.লীগ সম্পদে স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি পৌরসভার সাতজন মেয়র পদপ্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় অন্যদের পেছনে ফেলেছেন আওয়ামী লীগের আকবর হোসেন চৌধুরী। প্রার্থীদের মধ্যে পাঁচজন ব্যবসায়ী এবং দুজন হোমিও চিকিৎসক। সম্পদে এগিয়ে আছেন জনসংহতি সমর্থিত প্রার্থী গঙ্গা মানিক চাকমা। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর নামে মামলা রয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
সাত মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের আকবর হোসেন চৌধুরী, বিএনপির মো. সাইফুল ইসলাম চৌধুরী, জনসংহতি সমিতি সমর্থিত গঙ্গা মানিক চাকমা, জাতীয় পার্টির শিবু প্রসাদ মিশ্র, স্বতন্ত্র হাবিবুর রহমান, রবিউল আলম ও অমর কুমার দে।
শিক্ষাগত যোগ্যতা: আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরী বিএ পাস। গঙ্গা মানিক চাকমা হলফনামায় উল্লেখ করেছেন তাঁর হোমিওপ্যাথিক ডিগ্রি রয়েছে। সাইফুল ইসলাম চৌধুরী, হাবিবুর রহমান ও রবিউল আলম এইচএসসি পাস। শিবু প্রসাদ মিশ্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন আর অমর কুমার দে স্বশিক্ষিত।
সম্পদ ও আয়: গঙ্গা মানিক চাকমার বার্ষিক আয় ৭ লাখ টাকা। নিজ নামে বাড়ি ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা আছে। স্ত্রীর নামে রয়েছে ৫০ হাজার টাকা। স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে ৩০ হাজার, স্ত্রীর নামে ৩০ হাজার। স্ত্রীর কাছে ৩০ ভরি স্বর্ণ রয়েছে। কৃষিজমি নিজ নামে ৫ একর, অকৃষি জমি শূন্য দশমিক ৫ একর, স্ত্রীর নামে কৃষিজমি ৫ একর, নির্ভরশীলদের নামে ১০ একর।
হাবিবুর রহমানের বাৎসরিক আয় ৯২ হাজার ৯৪০ টাকা। স্ত্রীর কাছে রয়েছে পাঁচ ভরি স্বর্ণ।
আকবর হোসেন চৌধুরীর বার্ষিক আয় ২ লাখ ৭২ হাজার টাকা। নগদ টাকা ১ লাখ, বরকল উপজেলার হরিণা বাজারে একটি দোকান রয়েছে।
মো. সাইফুল ইসলাম চৌধুরীর বাৎসরিক আয় ২ লাখ ৪০ হাজার টাকা। নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা রয়েছে। স্ত্রীর কাছে রয়েছে তিন ভরি স্বর্ণ। এ ছাড়া কৃষি ও অকৃষি জমি এবং বাড়ি রয়েছে যৌথ মালিকানায়।
রবিউল আলমের বার্ষিক আয় ব্যবসায় ৩ লাখ ৪০ হাজার ৯৭০ টাকা। নগদ টাকা রয়েছে ১ লাখ। স্ত্রীর কাছে পাঁচ ভরি স্বর্ণ রয়েছে।
হোমিও চিকিৎসক শিবু প্রসাদ মিশ্রর বার্ষিক আয় ১ লাখ ৪০ হাজার টাকা। অমর কুমার দের বার্ষিক আয় ২ লাখ ৬০ হাজার টাকা।
প্রার্থীদের মধ্যে গঙ্গা মানিক চাকমা, শিবু প্রসাদ মিশ্র ও অমর কুমার দে নির্বাচনী ব্যয় নির্বাহ করবেন নিজস্ব আয় থেকে। সাইফুল ইসলাম চৌধুরী, আকবর হোসেন চৌধুরী, হাবিবুর রহমান ও রবিউল আলম ব্যয় নির্বাহ করবেন নিজস্ব আয় ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিয়ে।