শিক্ষায় পিছিয়ে ওরা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আদিবাসী পানপুঞ্জির শিশুরা মূলধারার প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। পুঞ্জিগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না। তাই বিদ্যালয়ের অভাব শিশুদের শিক্ষা লাভের পথে প্রধান অন্তরায় হয়ে উঠছে।
পানপুঞ্জির আদিবাসীদের অনেকে জানান, কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ৪২টি পানপুঞ্জি আছে। এসব পানপুঞ্জিতে আদিবাসী খাসিয়া ও গারো সম্প্রদায়ের প্রায় ১০ হাজার লোক বসবাস করে। পানপুঞ্জিগুলোতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের সংখ্যা প্রায় দেড় হাজার। কিন্তু ইছাছড়া পানপুঞ্জির একটি ছাড়া কোনো পানপুঞ্জিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই।
একেকটি পানপুঞ্জি থেকে সমতলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব তিন থেকে সাত কিলোমিটার। পাহাড়ি পথ পেরিয়ে এত দূরের বিদ্যালয়ে যাওয়া-আসা শিশুদের পক্ষে প্রায় অসম্ভব।
উপজেলার লুতিঝুড়ি পুঞ্জি, পুঁটিছড়া, নুনছড়া, কুকিজুড়ী পুঞ্জিসহ বিভিন্ন পুঞ্জির কয়েকজন আদিবাসী জানান, তাঁদের পুঞ্জিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এতে শিশুরা মূলধারার মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিযোগিতায় টিকতে পারছে না। এসব পানপুঞ্জিতে বেসরকারি বিভিন্ন সংস্থা প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে দিলেও তাতে শিক্ষক-স্বল্পতা ও অন্যান্য অসুবিধা রয়েছে। এক-দুজন শিক্ষক দিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মেঘাটিলা পানপুঞ্জির প্রধান মণিকা খংলা বলেন, ‘আমাদের পুঞ্জিতে ৪০টি শিশু আছে। পুঞ্জি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সরকারি বিদ্যালয়। এ কারণে অনেক শিশুই মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।’ তিনি আরও জানান, কারিতাসের আলোঘর প্রকল্প তাঁদের পুঞ্জিতে একটি বিদ্যালয় পরিচালনা করে। কিন্তু এতে মাত্র একজন শিক্ষক রয়েছেন। একজনের পক্ষে সঠিক পাঠদান সম্ভব হচ্ছে না। বেসরকারি একটি সংস্থার ‘প্রদীপ’ প্রকল্পের সমন্বয়কারী অরিজেন খংলা বলেন, পুঞ্জিগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় মানসম্মত পড়ালেখা হচ্ছে না। এতে মূলধারার শিক্ষা ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে আদিবাসী শিশুরা বঞ্চিত হচ্ছে।
মণিকা খংলা বলেন, এসব পানপুঞ্জিতে বিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়ার সবচেয়ে বড় কারণ আদিবাসীরা শিক্ষার বিষয়ে সচেতন নন। এ ছাড়া এখানে জমির মালিকানা নিয়েও জটিলতা আছে। জমি নিয়ে দ্বন্দ্ব থাকায় সরকারি বিদ্যালয় গড়ে ওঠেনি। ডিস্ট্রিক্ট পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক ফ্লোরা বাবলী তালাং বলেন, সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা জরুরি।