শিক্ষায় ফেরার সুযোগ পেল ৭০ শিশু
ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ৭০টি শিশু ব্যক্তি-সহায়তায় ফিরে পেয়েছে শিক্ষার সুযোগ। বরিশাল শিশু অধিকার রক্ষা কমিটি এই উদ্যোগের সহযোগিতা করেছে। কমিটির আবেদনে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ৭০ জন মানুষ সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ৭০টি শিশুর শিক্ষার দায়িত্ব নিয়েছেন। এসব শিশুর অভিভাবকদের কাছে পড়াশোনার খরচ তুলে দেবেন তাঁরা।গত মঙ্গলবার বিকেল চারটায় নগরের অশ্বিনী কুমার হলে সুবিধাবঞ্চিত এসব শিক্ষার্থীর সহযোগিতাকারী ও অভিভাবকদের নিয়ে বসে মিলনমেলা। শিশুদের অভিজ্ঞতা বর্ণনা, সংগীতানুষ্ঠান, আলোচনা ও আলাপচারিতায় পূর্ণতা পায় মিলনমেলা। শিক্ষা-সহায়তাপ্রাপ্ত শিশু আবদুর রহমান বলে, ‘যে সময় আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল, সেই সময় কাজে বেরোতে হতো। সেখান থেকে শিশু অধিকার রক্ষা কমিটি আমাদের শিক্ষাজীবনে ফিরিয়ে এনেছে। ঝুঁকিপূর্ণ পেশায় থাকা সব শিশুকে শিক্ষাজীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক।’অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন শিশুবান্ধব নগর গড়ে তুলতে ভবিষ্যতে শিশুদের সহযোগিতায় শিশু অধিকার রক্ষা কমিটি যেকোনো আর্থিক সহযোগিতা চাইবে, তা পূরণ করার আশ্বাস দেন। শিশু অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক জীবনকৃষ্ণ দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস, রহিমা সুলতানা, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমার, আবদুল হাকিম সান্যামাত।