শিক্ষায় বরাদ্দ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে সংসদীয় কমিটি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা ও শিক্ষকদের টাইম স্কেল দেওয়ার ক্ষেত্রে বরাদ্দ কম থাকায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বিষয়টি নিয়ে কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, শাহ আলম, জিয়াউর রহমান ও মমতাজ বেগম অংশ নেন।এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী ও শিক্ষাসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় জাতীয় বাজেটের ২০ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়।সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুর্নীতির অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে মাউশির মহাপরিচালককে কমিটির আগামী সভায় বিস্তারিত জানাতে বলা হয়েছে।জানা গেছে, সভায় ‘টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের (টিকিউআই)’ কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয়। এই প্রকল্প নিয়মনীতি অনুসরণ করে পরিচালনা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে কমিটির সদস্য ও হুইপ শেখ আবদুল ওহাবকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শাহ আলম ও কাজী ফারুক কাদের।সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ ও ছাত্রছাত্রীদের উপবৃত্তি দিতে প্রধানমন্ত্রীর শিক্ষা-সহায়তা ট্রাস্ট ফান্ড আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত করা হয়েছে। চলতি বছর এই খাতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।সভা শেষে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, টাকার অভাবে শিক্ষার কাজ ব্যাহত হবে, তা কেউ মেনে নিতে পারে না। এ কারণে কমিটি বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায়।কমিটির সভাপতি বলেন, চলতি বছর প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার কথা। এই কাজে প্রয়োজন ২২০ কোটি টাকা। কিন্তু মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ আছে মাত্র ১৫ কোটি। শিক্ষকদের টাইম স্কেল দিতে ৩২৭ কোটি টাকার প্রয়োজন। অথচ এ খাতে কোনো টাকা এখনো বরাদ্দ নেই।রাশেদ খান মেনন বলেন, শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এ কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কোনো বিকল্প নেই।