শিক্ষায় বাণিজ্যিকীকরণ দুর্নীতির কারণে
সমাজের বড় ব্যাধি দুর্নীতি তাৎক্ষণিক বন্ধ না করা গেলেও আজকের শিশু-কিশোররাই সামনের দিনগুলোতে দুর্নীতি বন্ধ করতে পারবে। এ জন্য নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়ে দুর্নীতিকে ঘৃণা করার শিক্ষা দিতে হবে।
আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুষ্ঠানে বক্তারা এমন আশাবাদ ব্যক্ত করেছেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুদক।
অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধি মেহজাবীন তোরসা ও আল আমীন এবং শিক্ষক প্রতিনিধি রুমানা শাহীন সেফা বক্তৃতা করেন। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়ে বলেন, দুর্নীতি আমাদের সমাজে ব্যাধিতে রূপ পেয়েছে। এ ব্যাধি চাইলেই এক-দুই দিনে নির্মূল হয়ে যাবে না। তবে দুর্নীতিকে নির্মূল করার মানসিকতা সবার থাকতে হবে। তিনি বলেন, সততা সংঘ গঠন নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীর বাংলাদেশকে আজকের শিশু-কিশোররাই পারে দুর্নীতিমুক্ত রাখতে। এ জন্য তাদের বিশ্বমানের শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়ার শিক্ষারও প্রয়োজন। শিক্ষামন্ত্রী দেশের অব্যাহত উন্নয়নে মূল্যবোধকে গ্রথিত করার ওপর জোর দিয়ে বলেন, নৈতিক মূল্যবোধহীন কোনো উন্নয়নই টেকসই হবে না।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, উন্নয়নের পথে বড় প্রতিবন্ধকতা দুর্নীতি দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে দুর্নীতি কমানো সম্ভব মন্তব্য করে সবার মধ্যে দেশপ্রেমের চেতনা সৃষ্টির ওপর গুরুত্ব দেন দুদক চেয়ারম্যান।
দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেন, দুর্নীতির কারণে অপরাধ বেড়ে যাচ্ছে। শিক্ষার মান হ্রাস পাচ্ছে। দুর্নীতির কারণে আজ শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। আর এসব কারণে বিশ্ব দরবারে আমাদের মান ক্ষুণ্ন হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, সচিব আবু মো. মোস্তফা কামাল ও মহাপরিচালক (প্রতিরোধ) শামছুল আরেফিন।