শিক্ষায় বিএনপি, সম্পদে এগিয়ে আ.লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল লতিফ ও বিএনপির মোস্তফা কামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে বিএনপির প্রার্থী শিক্ষায় এবং আওয়ামী লীগের প্রার্থী সম্পদে এগিয়ে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁদের হলফনামা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ওই দুই প্রার্থীর হলফনামায় দেখা গেছে, শিক্ষাগত যোগ্যতার ঘরে আওয়ামী লীগের প্রার্থী আবদুল লতিফ নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। আর বিএনপির প্রার্থী মোস্তফা কামাল এইচএসসি পাস করার কথা উল্লেখ করেন। দুজনের নামেই কোনো মামলা নেই।
হলফনামা ঘেঁটে আরও দেখা গেছে, আবদুল লতিফ পেশায় অবসরপ্রাপ্ত ব্যবসায়ী। ব্যবসা থেকে তাঁর বর্তমানে কোনো আয় নেই। কৃষি খাত থেকে বার্ষিক আয় ৯০ হাজার টাকা এবং বাড়ি, অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া বাবদ পান ৪ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া তাঁর স্ত্রী বাড়ি ভাড়া বাবদ পান ৩ লাখ ৩১ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে নগদ টাকা আছে তিন লাখ এবং স্ত্রীর নামে ৫০ হাজার টাকা। ব্যাংকে জমা আছে এক লাখ টাকা। সাত লাখ টাকা মূল্যের একটি গাড়ি আছে তাঁর। নিজ নামে আছে ৩০ ভরি স্বর্ণালংকার।
আবদুল লতিফের স্থাবর সম্পদের মধ্যে নিজের নামে টঙ্গীতে কৃষি জমি ১৪৯.৭৩ শতক ও শাহরাস্তিতে ৫৩৪ শতক। অকৃষি জমি হিসাবে টঙ্গীতে ১২ শতক, শাহরাস্তিতে ৩০০ শতক এবং উত্তরায় ছয় কাঠার একটি প্লট আছে। নিজের নামে টঙ্গীতে পাঁচতলা ও সাততলার দুটি ভবন আছে। শাহরাস্তিতে ১ হাজার ৪০০ বর্গফুটের ৮টি দোকানঘর এবং ২ হাজার ৬৮৪ বর্গফুটের একটি ডুপ্লেক্স বাড়ি আছে। এ ছাড়া টঙ্গীতে তাঁর স্ত্রীর নামে চারতলা ও সাততলা দুটি ভবন আছে।
হলফনামায় বিএনপির প্রার্থী মোস্তফা কামাল উল্লেখ করেন, তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। ব্যবসা থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ১৫ হাজার টাকা। মেয়র হিসেবে বার্ষিক সম্মানী ভাতা পান ২ লাখ ৪০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে নগদ ৯ লাখ ৩০ হাজার ৯৫০ টাকা এবং ব্যাংকে জমা ২ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া তাঁর নিজ নামে ২০ ভরি স্বর্ণালংকার আছে।
মোস্তফা কামালের স্থাবর সম্পদ বলতে ৪০ শতক কৃষি জমি আছে। বাড়ি ও দালানকোঠা নেই। কোথায়, কীভাবে থাকেন হলফনামায় তা উল্লেখ করেননি তিনি। তাঁর কোনো দায়দেনা নেই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাদ পারভীন জানান, হলফনামার কোনো তথ্যে গরমিল থাকলে নির্বাচনের পরেও ব্যবস্থা নেওয়া যাবে।