বিনিয়োগ হিসেবে শিক্ষা সবচেয়ে লাভজনক হলেও এ খাতে প্রত্যাশা অনুযায়ী বাজেট বরাদ্দ হচ্ছে না। অথচ শিশুর বিকাশে এ খাতে সঠিকভাবে ১ টাকা বিনিয়োগ করলে তার বিপরীতে ১৯ গুণ সুফল পাওয়া যাবে।
রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল বুধবার আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষা খাতে নীতিগত অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে করণীয় নিয়ে সুপারিশমালা তুলে ধরতে ব্র্যাক ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা কোপেনহেগেন কনসেনসাস সেন্টার এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে ‘দক্ষতামূলক প্রশিক্ষণের স্বীকৃতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অতনু রাব্বানি। ‘বিলম্বে শিশু বিয়ে ও শিক্ষার মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আহসানুজ্জামান।
অতনু রাব্বানি তাঁর প্রবন্ধে শিক্ষায় বিনিয়োগের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ খাতে ১ টাকা বিনিয়োগ করলে তার ১৯ গুণ সুফল পাওয়া যাবে। পোশাক বা অন্য কারখানার শ্রমিকদের প্রশিক্ষণ ও ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ১ টাকার বিনিয়োগের বিপরীতে ৫ টাকা ৪০ পয়সার সুফল পাওয়া সম্ভব।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, সরকার জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে চায়। তাই শিক্ষা খাতে নীতিগত অগ্রাধিকার দেওয়ার বিষয়টিই গুরুত্বপূর্ণ।
ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, ‘এ আলোচনায় যেসব সুপারিশ এসেছে, সরকার তা ইতিবাচকভাবে নিয়ে বাস্তবায়নের চেষ্টা করবে বলে আশা করি।’
সেমিনারে বিভিন্ন বক্তার বক্তব্যে বেশ কিছু চ্যালেঞ্জের কথা উঠে আসে। এর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষার অভাব, প্রাথমিক পর্যায়ের পর মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার বৃদ্ধি, শিশুদের মেধাভিত্তিক ভাগ না করে শিক্ষা দেওয়া ইত্যাদি।
ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক অধ্যাপক আব্দুল বায়েস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান, কোপেনহেগেন কনসেনসাস সেন্টারের আউটরিচ ম্যানেজার হাসানুজ্জামান জামান, কে এ এম মোর্শেদ, তালাত মাহমুদ, গওহার নঈম ওয়ারা প্রমুখ।