শিক্ষায় সবাইকে অন্তর্ভুক্ত করা, ছেলে-মেয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ঘোষণা এসেছে ঢাকায় অনুষ্ঠিত ই-নাইন দেশগুলোর শিক্ষামন্ত্রীদের সম্মেলন থেকে।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সম্মেলনের দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলন করে ‘ঢাকা ঘোষণা’ নামে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামীকাল মঙ্গলবার।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ঢাকা ঘোষণার সারমর্ম হলো, সব শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করা, ছেলে-মেয়ে সবার সমান সুবিধা নিশ্চিত করা, শিক্ষার মান নিশ্চিত করা, ঝরে পড়া রোধ করা। এসব বিষয়ে ই-নাইনভুক্ত দেশগুলো নতুন নতুন উদ্যোগ নেবে।
জানা গেছে, মূলত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) শিক্ষা ক্ষেত্রে যেসব বিষয় অর্জন করতে বলা হয়েছে সেগুলোই সুনির্দিষ্ট করে অর্জনের কথা বলা হয়েছে ঢাকায় ঘোষণায়।
মানসম্মত শিক্ষার সূচক কী? সাংবাদিকদের এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক দেশের পাঠ্যবইয়ে যেসব বিষয় শেখানোর কথা আছে, তা অর্জন করাই হলো এর লক্ষ্য। তবে এটা নিয়ে আরও আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সহকারী মহাপরিচালক কিয়ান তাং, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন প্রমুখ।