শিক্ষায় সমন্বিতভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহারে নতুন সফটওয়্যার
শিক্ষায় সমন্বিতভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হবে। এ লক্ষ্যে তৈরি করা হবে নতুন সফটওয়্যার এবং ওয়েবসাইট। শিক্ষার্থীর জন্মতারিখ, ভর্তির সময়, নিবন্ধন, ঝরে পড়া, পাস-ফেলসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের তথ্য থাকবে ওই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষকেরা অভিজ্ঞতা বিনিময় করা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।বর্তমানে শিক্ষার বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব উপায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করছে। একটি প্রতিষ্ঠান বা কার্যালয়ের সঙ্গে অন্যের মিল নেই। শিক্ষা খাত জুড়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারে এই সমন্বয়হীনতা দূর করতে সবাইকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প তথ্যপ্রযুক্তি খাতে সমন্বয়ের সেতু হিসেবে কাজ করবে।এ লক্ষ্যে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় এটুআই কর্মসূচির জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং শিক্ষা খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তর কাজ করে যাচ্ছে। কিন্তু এগুলোর একটির সঙ্গে আরেকটির সমন্বয় নেই। এটুআই এই সমন্বয় সাধনের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সেবা আরও কার্যকর ও নিশ্চিত করতে চায়।