শিক্ষায় সমান, সম্পদে এগিয়ে আ.লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সমান। দুজনেই স্নাতক (পাস)। আওয়ামী লীগের প্রার্থীর সম্পদ বিএনপির প্রার্থীর চেয়ে বেশি।
উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র এনামুল হক। তিনি ২০০৪ সালে পৌরসভার চেয়ারম্যান এবং ২০০৮ সালে মেয়র নির্বাচিত হন।
হলফনামায় তিনি ‘মৌসুমি ব্যবসা’কে পেশা হিসেবে দেখালেও এ খাত থেকে আয়ের কথা উল্লেখ করেননি। তবে মেয়র হিসেবে বার্ষিক ২ লাখ ৮০ হাজার টাকার সম্মানী ভাতা পাওয়ার কথা জানিয়েছেন। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণ দেখিয়েছেন দেড় লাখ টাকা। গত নির্বাচনের হলফনামায় এ খাতে জমার পরিমাণ দেখিয়েছিলেন এক লাখ টাকা। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবের বিবরণীতে ৯০ হাজার টাকার মালামাল এবং স্থাবর সম্পদের বিবরণীতে ১৭ লাখ ৫১ হাজার ১৪৪ টাকার অকৃষি জমির কথা উল্লেখ করেছেন।
হলফনামা সূত্রে জানা গেছে, অতীতে এনামুল হকের বিরুদ্ধে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে তিনটি মামলা হয়েছিল। ২০০৯ সালে উপজেলা পরিষদ বিধিমালায় একটি, ’৯৪ ও ’৯৮ সালে একটি করে আমলা হয়। প্রথম মামলাটি প্রত্যাহার হয়েছিল এবং বাকি দুটি থেকে অব্যাহতি পেয়েছিলেন। এখন তাঁর নামে মামলা নেই।
আওলাদ হোসেন হলফনামায় পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করেছেন। ওই খাত থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৫১ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা করা অর্থের পরিমাণ দেখিয়েছেন ৫ লাখ ৮ হাজার ৯৩২ টাকা। উপহার হিসেবে ২০ তোলা স্বর্ণ পেয়েছেন। একটি করে টিভি, রেফ্রিজারেটর, পাঁচটি ফ্যান, ছয়টি বাতি, এক সেট সোফা, চারটি খাট, একটি করে শোকেস, ওয়ার্ডরোব ও স্টিলের আলমারি থাকার বিবরণ দিয়েছেন। স্থাবর সম্পত্তি হিসেবে ৩১ শতক অকৃষি জমি এবং একটি আধা পাকা ঘর থাকার কথা উল্লেখ করেছেন। ৩১ শতক অকৃষি জমির বর্তমান বাজারমূল্য কোটি টাকার ওপরে হবে বলে পৌর ভূমি কার্যালয় জানিয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা নেই।
হলফনামার তথ্যে সম্পদে এনামুল হকের চেয়ে আওলাদ হোসেন এগিয়ে রয়েছেন। এতে দুই প্রার্থীর প্রত্যেকে নির্বাচনী ব্যয় তিন লাখ এবং ব্যক্তিগত খরচ ৫০ হাজার টাকা দেখিয়েছেন।
এনামুল হক বলেন, মেয়র হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক। বর্তমানে তাঁর বিরুদ্ধে মামলা নেই।
আওলাদ হোসেন বলেন, হলফনামায় উল্লেখ করা তাঁর সব তথ্য সঠিক। কোনো তথ্যই গোপন করেননি।