শিক্ষায় সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হবে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। শিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়।
আলোচনায় শিক্ষামন্ত্রী বাংলাদেশে শিক্ষার উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত শিক্ষা খাতে অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশে সব শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীর সংখ্যাগত সমতা অর্জন হওয়ায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষা খাতের এ অগ্রগতি অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত শিক্ষাসচিব অরুনা বিশ্বাস, মো. হেলাল উদ্দিন, চৌধুরী মুফাদ আহমেদ এবং ঢাকায় আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোস ম্যাককনেল। বিজ্ঞপ্তি।