শিক্ষায় সাম্প্রদায়িকতা যুক্ত করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা বলেছেন, সরকার শিক্ষার মান সর্বনিম্ন স্তরে নামিয়ে এনেছে। এখন পাঠ্যপুস্তক পরিবর্তন করে শিক্ষায় সাম্প্রদায়িকতা যুক্ত করা হয়েছে। আর এটা করা হয়েছে বিশেষ গোষ্ঠীর সুপারিশে। এটা মেনে নেওয়া যায় না। এ জন্য সবাইকে একত্র করে আন্দোলন করতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল বুধবার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনাপরিপন্থী পরিবর্তন প্রতিরোধ’ শীর্ষক এই বৈঠকে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে যে পরিবর্তন করা হয়েছে, তার স্বরূপ উন্মোচনে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিশন গঠনসহ কয়েকটি দাবি জানিয়েছে সাংস্কৃতিক জোট। জোট বলছে, এসব দাবির বিষয়ে যত দ্রুত সম্ভব সরকারকে জবাব দিতে হবে।
জোটের পক্ষে বৈঠকের ধারণাপত্র ও দাবি উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অন্যান্য দাবির মধ্যে রয়েছে অবিলম্বে পাঠ্যবইয়ে পরিবর্তিত পাঠ বাদ দিয়ে আগের পাঠ প্রতিস্থাপন, শিক্ষার্থীদের জন্য পুনঃস্থাপিত অংশ সংযোজনী হিসেবে মুদ্রণ করে বিতরণের জরুরি ব্যবস্থা ও সংশোধিত পাঠ ডিজিটাল কনটেন্ট হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো। অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ পালন বাধ্যতামূলক করা এবং মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক মানবিক চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক আরও উন্নত করতে আলোচনা শুরু করা।
মফিদুল হক বলেন, চলতি বছর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তাদের প্রকাশিত কতগুলো প্রধান পুস্তকে পরিমার্জনের নামে ধর্মান্ধ বিশেষ গোষ্ঠীর সুপারিশ বাস্তবায়ন করেছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, যে দাবিগুলো উঠেছে তা আদায়ে আন্দোলন জোরদার করতে হবে। আবারও ‘শিক্ষা আন্দোলনের’ দিকে যাওয়ার কথা বলেন তিনি।
গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার শিক্ষার মান সর্বনিম্ন স্তরে নামিয়ে এনেছে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে সাম্প্রদায়িকতা। এ বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারের বক্তব্য থাকা উচিত।
পাকিস্তান ও বিএনপি আমলে পাঠ্যবই নিয়ে যা হয়েছে, তার চেয়ে ভয়াবহ কাজ এখন হয়েছে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বলেন, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা রীতিমতো আতঙ্কিত করেছে। তিনি একমুখী শিক্ষা চালুর দাবি জানান।
পাঠ্যবইয়ে কী পড়ানো হবে, তা রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। পাঠ্যবইয়ের পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এভাবে বিকৃত শিক্ষাব্যবস্থার মধ্যে পড়ে গেলাম।’
জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বইয়ে যে পরিবর্তন করা হয়েছে তা সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে যত দ্রুত সম্ভব প্রতিনিধি সম্মেলন করে কর্মসূচি নেওয়া হবে। এই আলোচনার সারসংক্ষেপ শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, মিনু হক, আমানুল হক, আহকাম উল্লাহ, মানজার চৌধুরী প্রমুখ।