চট্টগ্রামে নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী দেবীর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নার্সদের ছয়টি সংগঠন। গতকাল সোমবার এই দাবিতে কয়েক শ নার্স রাজধানী ঢাকায় মানববন্ধন ও শোভাযাত্রা করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে ঢাকা নার্সিং কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে স্বাধীনতা নার্সেস পরিষদের সদস্যসচিব মো. আনিসুর রহমান বলেন, ‘অঞ্জলী দেবীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। বিভিন্ন ইস্যুতে নার্সদের মধ্যে ভেদাভেদ আছে।
কিন্তু এ বিষয়ে আমরা এক। নার্সদের সমস্যা নার্সদেরই মোকাবিলা করতে হবে।’
সকাল ১০টায় স্বাধীনতা নার্সেস পরিষদ, বাংলাদেশ বেসিক নার্সেস কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন ও মিডওয়াইফারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে ঢাকা নার্সিং কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমবেশে মিলিত হয়।
নার্সদের এই ছয় সংগঠনের নেতারা বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও নার্সরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ নির্যাতন বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে।
১০ জানুয়ারি চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী দেবী কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।