শিক্ষিকা তৃপ্তি রানীর বাড়ি ফেরা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের কাজ শেষে বাড়ি ফেরা হলো না শিক্ষিকা তৃপ্তি রানী দের। ঘাতক ট্রাক কেড়ে নিল তাঁর প্রাণ। বিয়ের দুই বছরই হয়নি, এরই মধ্যে থেমে গেল জীবনের সব কোলাহল। স্বামী লিটন রঞ্জন দে বাকরুদ্ধ। কেবলই দীর্ঘশ্বাস। দাম্পত্য জীবন শুরু না হতেই সমাপ্তি।গতকাল সোমবার বিকেলে সিলেট-জাফলং মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান শিক্ষিকা তৃপ্তি রানী দে। ওই দুর্ঘটনায় জৈন্তাপুর উপজেলার আরও দুজন শিক্ষক মারা যান।তৃপ্তি রানী দে গোয়াইনঘাট উপজেলার কুরিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।তৃপ্তি রানীর বাবার বাড়ি গোয়াইনঘাট উপজেলার গোরা গ্রামে। বছর খানেক হলো তৃপ্তি তাঁর স্বামীর বাড়ি সিলেট শহর থেকে যাতায়াত করছিলেন। তাঁর স্বামী লিটন রঞ্জন দে সিলেট এমসি কলেজের করণিক পদে কর্মরত। তৃপ্তির ঘনিষ্ঠজনেরা জানান, তৃপ্তি বদলির জন্য অনেক চেষ্টা-তদবির করছিলেন। কিন্তু প্রাথমিক শিক্ষা বিভাগে বদলি নীতি কঠিন হওয়ার কারণে প্রায় ৪০ কিলোমিটার সড়কপথে তিনি প্রতিদিন যাতায়াত করতেন।কুরিহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির জানান, ‘তৃপ্তি রানী সময়নিষ্ঠ শিক্ষিকা ছিলেন। দূর থেকে এলেও তিনি সময়মতো বিদ্যালয়ে আসতেন।’উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিলীপময় দাস চৌধুরী বলেন, ‘আমরা একজন আদর্শ শিক্ষিকাকে হারালাম। তৃপ্তি রানীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’এদিকে শিক্ষিকা তৃপ্তি রানী দের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।তৃপ্তি রানীর মৃত্যুতে শিক্ষক সমিতি ও বিভিন্ন মহল শোক জানিয়েছে। শোক জানিয়েছেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ, উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম।