শিক্ষিকা লাঞ্ছিতের প্রতিবাদে বিদ্যালয়ে শিক্ষার্থীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য কর্তৃক দীপ্তি রানী শীল নামে এক সহকারী শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে জুতা মিছিল করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে এ কর্মসূচি পালন করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় তিনটি দাবিসংবলিত পোস্টার বহণ করে। দাবিগুলো হলো শিক্ষিকা দীপ্তি রানী শীলের সব পাওনা পরিশোধ, প্রধান শিক্ষকের পদত্যাগ ও শিক্ষিকাকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিন উদ্দিনের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সামনে অবস্থান নেয়। প্রায় ঘণ্টা খানেক পরে প্রধান শিক্ষক আহম্মদ আবু আবদুল্লা এসে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক আহমঞ্চদ আবু আবদুল্লা শিক্ষার্থীদের বিক্ষোভ ও ফটকে তালা দেওয়ার কথা সরাসরি স্বীকার না করে বলেন, কিছু একটা যে হয়নি তা নয়। শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে। সবকিছুর তো একটা নিয়ম আছে। নিয়ম অনুযায়ীই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপ্তি রানী শীল গত ৩০ আগস্ট এক মাসের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়ে প্রধান শিক্ষকের কাছে পদত্যাগপত্র দেন। এরপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই বিদ্যালয়ে চাকরি করে ১ অক্টোবর সোনাইমুড়ীর কালিকাপুর উচ্চবিদ্যালয়ে একই পদে যোগদান করেন। পদত্যাগের পর ছাড়পত্র ও বকেয়া পাঁচ মাসের বেতন ও মহার্ঘ্য ভাতা পরিশোধ করার জন্য বারবার অনুরোধ করলেও ব্যবস্থাপা কমিটির সদস্য মহিন উদ্দিনের বিরোধিতার কারণে তা দেওয়া হয়নি।
গত রোববার ওই শিক্ষিকা বেতন-ভাতার জন্য বিদ্যালয়ে গেলে মহিন উদ্দিন তাঁকে লাঞ্ছিত করে একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তবে, ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিন উদ্দিন শিক্ষিকা লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওই শিক্ষিকা প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ভুয়া ছাড়পত্র তৈরি করে অন্য বিদ্যালয়ে চাকরি নেওয়ায় প্রধান শিক্ষকই তাঁকে বিদ্যালয়ে ডেকে ছিলেন।’