শিক্ষিকাকে উত্ত্যক্ত করতে না পেরে বিদ্যালয়ে তালা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক বখাটে মুঠোফোনে স্কুলশিক্ষিকাকে ইভ টিজ করতে না পেরে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার ১৫ নম্বর দক্ষিণ ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বখাটে আমিনুল ইসলাম ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হানিফ খানের ছেলে।বিদ্যালয়ের ওই শিক্ষিকা জানান, দীর্ঘদিন আমিনুল তাঁকে মুঠোফোনে ইভ টিজ করে আসছিল। তার অত্যাচার থেকে রেহাই পেতে তিনি (শিক্ষিকা) মুঠোফোনের সিম পাল্টান। এর পরও আমিনুল তাঁকে উত্ত্যক্ত করত এবং তাঁর মুঠোফোনের নতুন নম্বর চাইত। তা না দেওয়ায় বৃহস্পতিবার আমিনুল বিদ্যালয়ে এসে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে এবং বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঙ্গলাল জানান, ‘খবর পেয়ে আমি বেলা ১১টায় বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙে ক্লাস শুরুর ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, ‘ওই শিক্ষিকা আমিনুলের ব্যাপারে আমাদের কাছে অভিযোগ করেছেন।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হানিফ খান তাঁর ছেলের বিরুদ্ধে ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, শিক্ষক-শিক্ষিকারা দেরিতে বিদ্যালয়ে আসেন, এতে শিক্ষার্থীদের ভোগান্তি হয়। এ কারণে বিদ্যালয়ের গেটে তালা লাগানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল আহসান বলেন, ‘শিক্ষকেরা যদি দেরিতে বিদ্যালয়ে আসেন, সে ক্ষেত্রে কমিটির কর্মকর্তারা উপজেলা শিক্ষা কমিটির কাছে অভিযোগ দিতে পারেন; কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারেন না।’