শিক্ষিকাকে টাকা না দিয়ে হয়রানি
ঘুষ দিতে রাজি না হওয়ায় এক স্কুলশিক্ষিকার ১০ লাখ টাকার কল্যাণ তহবিলের চেক তিন মাস ধরে আটকে রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাব শাখার সহকারী ব্যবস্থাপক মো. আবু হেনা। বিষয়টি জানার পর মেয়র মোহাম্মদ মন্জুর আলম নিজেই তা তদারক করতে গিয়ে দেখেন, ওই চেকটি রেখে তারপর অন্তত এক কোটি টাকার পাওনা পরিশোধ করা হয়েছে। অনিয়ম ধরা পড়ার পর আবু হেনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সচিবকে নির্দেশ দিয়েছেন মেয়র।এ প্রসঙ্গে সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, আবু হেনা সিটি করপোরেশনে যথেষ্ট অর্থ না থাকার অজুহাত দেখিয়েছেন। কিন্তু মেয়র তাঁর অনিয়ম ধরে ফেলার পর গতকালই চেকটি ওই শিক্ষিকাকে দিয়ে দিয়েছেন। তবে আবু হেনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি। জানা যায়, পশ্চিম মাদারবাড়ি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা ফজিলেতুন্নেসার কল্যাণ তহবিলের জন্য মেয়র গত ১০ জানুয়ারি ১০ লাখ টাকার চেকে সই করেন। কিন্তু আবু হেনা ওই চেকটি টানা তিন মাস রেখে দেন।