শিক্ষিকাকে লাঞ্ছনা
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গতকাল সোমবার রুমী আক্তার নামের এক স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিত করা হয়েছে। ছেলেকে শাসন করার অপরাধে তাঁর বাবা কবির আহমেদ ও মা বিলকিস আক্তার ওই শিক্ষিকাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। কবিরের বাড়ি মুরাদনগরের পৈয়াপত্থর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দেবীদ্বারের ওয়াহেদপুর গ্রামে শ্বশুর রশীদ মিয়ার বাড়িতে বসবাস করছেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমী দেবীদ্বার থেকে সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে বিদ্যালয়ে রওনা দেন। নয়টায় দিকে ওয়াহেদপুর গ্রামে পৌঁছলে ওত পেতে থাকা কবির ও তাঁর স্ত্রী বিলকিস ওই শিক্ষিকাকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন। রুমীর চুলের মুঠি ধরে মারধর করেন বিলকিস। এ সময় অটোরিকশার যাত্রী ওয়াহেদপুর মাদ্রাসার উপাধ্যক্ষ তাজুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় রুমীকে উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেন। ঘটনার পর বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সুবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ফরিদ আহমেদের সভাপতিত্বে সালিসি বৈঠক হয়। বৈঠকে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে কবিরকে জুতাপেটা, তাঁর ছেলে ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র লাদেন মিয়াকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। শিক্ষিকার ছিনতাই হওয়া পাঁচ হাজার টাকা ও মুঠোফোন সেট ফেরত দেওয়াসহ আগামী ডিসেম্বরের মধ্যে কবিরকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজমুল আহসান সরকার, উপাধ্যক্ষ তাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য নূরুল ইসলাম, মুকুল ভূইয়া, চিকিৎসক মো. শাম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা বেগম প্রমুখ।নাজমুল আহসান সরকার বলেন, কবির ও তাঁর স্ত্রীর অপরাধ অমার্জনীয়। আইনের হাতে সোপর্দ করার কথা থাকলেও সামাজিক প্রেক্ষাপটে সালিসের মাধ্যমে ঘটনার মীমাংসা করতে হয়েছে।কবির বলেন, ‘আমার ছেলেকে স্কুলে পড়তে দিয়েছি, শাসন করার জন্য নয়, তার ভুলত্রুটি হলে আমাদের জানাতে পারত।’ রুমী লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘লাদেন এমনিতে উচ্ছৃঙ্খল। এরপর সে লেখাপড়াও করে না। অঙ্ক পরীক্ষায় ‘০’ পাওয়ায় তাকে কথায় শাসন করেছিলাম। সামাজিক সালিসে ঘটনার সমাধান হয়েছে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা বলেন, ‘কবির খুবই উচ্ছৃঙ্খল। পূর্বেও তাঁর ছেলে সম্পর্কে অভিযোগ করলে তিনি বিভিন্ন ভাষায় গালমন্দ করেন।’উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি, বিদ্যালয় বা লাঞ্ছিত হওয়া শিক্ষিকার পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’