শিক্ষিকাকে লাঞ্ছিত ও আটকে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য কর্তৃক দিপ্তি রানী শীল নামে এক সহকারী শিক্ষিকাকে লাঞ্ছিত ও প্রধান শিক্ষকের কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে। গত রোববার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা আনুমানিক সাতটা পর্যন্ত ওই শিক্ষিকাকে আটকে রাখা হয়।
চাকরি ছেড়ে দেওয়ার পর পাঁচ মাসের বকেয়া বেতন ও ভাতার টাকা নিতে আসার পর এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে এবং ব্যবস্থাপনা কমিটির অভিযুক্ত সদস্যের বিচারের দাবিতে গতকাল সোমবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমঞ্চদ আবু আবদুল্লা প্রথম আলোর কাছে দাবি করেছেন, ‘শিক্ষিকা দিপ্তি রানীকে কেউ আটকে রাখেনি। তিনি আমার কক্ষেই বসা ছিলেন, অবশ্য তখন তিনি খুবই বিপর্যস্ত অবস্থায় ছিলেন। পরে পুলিশ এলে তাঁদের সঙ্গে তিনি বিদ্যালয় ত্যাগ করেন।’
শিক্ষিকা দিপ্তি রানী শীল মুঠোফোনে বলেন, ২০০৯ সালের জুন মাস থেকে ২০১৩ সালের অক্টোবর মাস পর্যন্ত তিনি চন্দ্রগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর গ্রামের বাড়ি সোনাইমুড়ী থেকে কর্মস্থলের দূরত্ব বেশি হওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ৩০ আগস্ট এক মাসের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়ে পদত্যাগপত্র দেন। এরপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই বিদ্যালয়ে চাকরি করেন। এই সময়ের মধ্যে ছাড়পত্রের জন্য প্রধান শিক্ষককে বারবার বললেও কমিটির সদস্য মহিন উদ্দিনের বিরোধিতার জন্য প্রধান শিক্ষক ছাড়পত্র দিতে রাজি হননি। এ অবস্থায় গত ১ অক্টোবর তিনি সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর উচ্চবিদ্যালয়ে একই পদে যোগদান করেন এবং সেখান শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে এমপিওভুক্ত হন।
দিপ্তি রানী জানান, আগের বিদ্যালয়ে তিনি পাঁচ মাসের বেতন ও মহার্ঘ ভাতা পাওনা ছিলেন। ওই পাওনা টাকা পরিশোধ করার জন্য প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করার পরও মহিন উদ্দিনের বিরোধিতার কারণে তা পাননি। সর্বশেষ গত রোববার প্রধান শিক্ষকের ফোন পেয়ে তিনি চন্দ্রগঞ্জ উচ্চবিদ্যালয়ে যান। এ সময় তিনি প্রধান শিক্ষকের কাছে পাওনা বেতন-ভাতা দাবি করলে সেখানে উপস্থিত কমিটির সদস্য মহিন উদ্দিন তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং তাঁকে ধাক্কা দিয়ে একটি কক্ষের ভেতর ঢুকিয়ে দরজা আটকে রাখেন। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিন উদ্দিন শিক্ষিকা লাঞ্ছিত করার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। মুঠোফোনে তিনি বলেন, ‘ওই শিক্ষিকা প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ভুয়া ছাড়পত্র তৈরি করে অন্য বিদ্যালয়ে চাকরি নেন। প্রধান শিক্ষকই ওই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য তাঁকে বিদ্যালয়ে ডেকেছিলেন এবং পুলিশকে খবর দিয়েছিলেন। আমি বরং প্রধান শিক্ষককে বলেছি কমিটির বৈঠক বসলে বিষয়টি উপস্থাপনের জন্য।’