শিক্ষিকাকে সরাতে মাদ্রাসায় ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছাগলা হাসনাইন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক শিক্ষিকাকে অপসারণের দাবিতে আট দিন ধরে ক্লাস (পাঠ) বর্জন করে আসছে শিক্ষার্থীরা। মাদ্রাসার কিছু শিক্ষক ওই শিক্ষিকাকে সরানোর জন্য শিক্ষার্থীদের দিয়ে এই আন্দোলন করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৮ মার্চ থেকে মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেয়। ওই শিক্ষিকার নাম ফাতেমা খানম। তিনি আরবি বিষয়ের ক্লাস নেন। ফাতেমা খানম বলেন, ‘আসলে মাদ্রাসার শিক্ষক মো. ইসমাঈল, আবদুল লতিফ, আবদুল মান্নান, মো. ইউসুফ সরকারি নীতিমালা উপেক্ষা করে পুরুষ নিয়োগ দিতে চেয়েছেন। কিন্তু মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার কারণে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাকে নিয়োগ দেওয়ায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা আমার বিরুদ্ধে বদনাম রটাচ্ছেন। এ ঘটনায় আমি সরকারের সহায়তা কামনা করছি।’
তবে শিক্ষক ইসমাঈল, আবদুল লতিফ, আবদুল মান্নান, ইউসুফ এবং একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, শিক্ষাগত যোগ্যতা থাকলেও ওই নারীর সমাজে বদনাম ছিল। ১৫ দিন আগে ফাতেমা তাঁর সাবেক স্বামীর সঙ্গে দেখা করেন এবং শরিয়তের বিধান না মেনে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ২৮ মার্চ থেকে ক্লাস বর্জন করছে। ক্লাস বর্জন করলে উপজেলা ছাত্রলীগের সভাপতি ছাত্রদের মারধর করেন। এর পর থেকে ছাত্ররা ওই শিক্ষিকাকে অপসারণ ও শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে ক্লাস বর্জন শুরু করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বলেন, ‘মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের ক্লাস করার জন্য বুঝিয়েছি। আমি কাউকে মারধর করিনি। আমরা একজন অসহায় নারীর পক্ষে কাজ করেছি। কিছু শিক্ষক ওই নারীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জামিল চৌধুরী অসুস্থ। তাঁর স্ত্রী জেসমিন চৌধুরী বলেন, ‘একজন অসহায় নারীকে চাকরি দেওয়ায় মাদ্রাসার শিক্ষকেরা আমার স্বামীর ওপর মানসিক অত্যাচার করেছেন। অত্যাচার না সইতে পেরে তিনি স্ট্রোক করেছেন। তিনি চিকিৎসাধীন আছেন। আমি ওই শিক্ষকদের বিরুদ্ধে মামলা করব।’
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুল্যাহ বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী আরবি শিক্ষক পদে নারী নিয়োগ দিয়েছি। এখন মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও অভিভাবক সবাই আমার বিপক্ষে।’