শিক্ষিকার অভিযোগ মামলা হিসেবে লিপিবদ্ধ, পাঠদান শুরু
সিলেটের বালাগঞ্জে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। অন্যদিকে হয়রানি না করার আশ্বাসে গতকাল শনিবার থেকে ওই বিদ্যালয়ে পুনরায় পাঠদান শুরু করেছেন শিক্ষিকারা।এদিকে ভুক্তভোগী শিক্ষিকা ইসরাত জাহানের সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন: স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য চানপুর গ্রামের বাসিন্দা এখলাছুর রহমানের ছেলে আনোয়ার হোসেন, একই গ্রামের আবু জায়েদ এবং পাশের বকশিপুর গ্রামের সেলিম মিয়া। পুলিশ জানায়, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের বিশেষ শাখা (ডিএসবি), গোয়েন্দা শাখা (ডিবি) ও ওসমানীনগর থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, ‘শনিবার সকালে জিডির অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বখাটে যুবকদের ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।’সিলেট ডিবি পুলিশের এসআই জগদীশ চন্দ্র দাশ ও ডিএসবির এএসআই আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।এদিকে গত শুক্রবার সন্ধ্যায় বালাগঞ্জের তাজপুর বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় উপজেলা শিক্ষক সমিতির নেতারা অভিযুক্ত আনোয়ারের বাবা এখলাছুরের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ওই বিদ্যালয়ের শিক্ষিকাদের কোনো প্রকার হয়রানি করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল থেকে বিদ্যালয়ে গিয়ে পাঠদান শুরু করেন শিক্ষিকারা। অন্যদিকে গতকাল সকালে ওই বিদ্যালয়ে গিয়ে অফিস ও একটি শ্রেণীকক্ষের তালার কড়া ভাঙা পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর জাহান বেগম জানান, অফিসে রাখা কিছু কাগজপত্র পাওয়া যাচ্ছে না। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। প্রধান শিক্ষিকা বলেন, ‘শিক্ষকনেতারা ও এলাকাবাসীর আশ্বাসে আমরা পাঠদান শুরু করেছি। তবে শিক্ষা বিভাগের আচরণে আমরা হতাশ। মনে হচ্ছে, শিক্ষা বিভাগ অচেতন অবস্থায় আছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছয়ফুর রহমান অভিযোগ করেন, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এখন পর্যন্ত শিক্ষা বা ইউএনও কার্যালয়ের কেউ বিদ্যালয়ে আসেননি।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান বলেন, শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ বলেন, ‘আমরা আগামীকাল (আজ) ঘটনাস্থলে পরিদর্শনে যাব।’ জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন আগামীকাল (আজ) পাঠাবেন বলে জানিয়েছেন। ‘শিক্ষিকা উক্ত্যক্তের শিকার, বিদ্যালয় চার দিন বন্ধ’ শিরোনামে গতকাল প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।